কুণাল যখন গ্রেফতার হন, তখন তিনি ছিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ। তখন বিধাননগর কমিশনারেটের কমিশনার ছিলেন পুলিশকর্তা রাজীব কুমার। গোয়েন্দাপ্রধান ছিলেন অর্ণব ঘোষ।

কুণাল ঘোষের গ্রেফতারির এক যুগ
শেষ আপডেট: 23 November 2025 14:44
দ্য ওয়াল ব্যুরো: জীবনানন্দ দাশ লিখেছিলেন, "জীবন গিয়েছে চ'লে আমাদের কুড়ি-কুড়ি বছরের পার..." এক্ষেত্রে এক যুগ। বিধাননগর দক্ষিণ থানায় গ্রেফতারের (Kunal Ghosh Arrest) ঘটনার ১২ বছর পূর্তিতে অতীতের স্মৃতি এবং নতুন প্রতিশ্রুতির কথা তুলে ধরলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। রোববার সকালে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ২০১৩ সালের ২৩ নভেম্বরের সেই দিনটি তাঁর জীবনে এক “ধ্বংসস্তুপ” তৈরি করেছিল। তবে তাঁর দাবি, ঈশ্বরের আশীর্বাদে সেই ভাঙাচোরা অবস্থান থেকেই আজ তিনি আবার ফিরে দাঁড়িয়েছেন (TMC Kunal Ghosh)।
পোস্টে কুণালের স্মৃতিচারণ করে লিখেছেন, "সেদিন রোজকার মতোই বিধাননগর দক্ষিণ থানায় গিয়েছিলেন এক পুলিশ কর্তার বিরুদ্ধে অভিযোগ জানাতে যে, সারদা তদন্ত নাকি প্রভাবিত হচ্ছে। কিন্তু অভিযোগ জানাতে যাওয়া সেই থানা থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। কুণালের দাবি, “সেই থানাতেই আমাকে আটকানো হয়, যেখানে আমার বিরুদ্ধে কোনও অভিযোগই ছিল না। পরে একের পর এক মামলা যোগ করা হয়। সেখান থেকেই অবশেষে সিবিআই তদন্ত।”
তিনি লেখেন, দীর্ঘ বছর ধরে আইনি লড়াই, পরপর জামিন এবং শেষে যে মামলায় প্রথম তাঁকে গ্রেফতার করা হয়েছিল, সেই মামলায় তিনি অভিযোগমুক্ত। “তদন্তকারী এবং বিচারকরাও রেকর্ড দেখে আমার সম্পর্কে যা বোঝার, বুঝেছিলেন”, লেখেন কুণাল।
দীর্ঘ প্রতিকূলতার পরে এখন আবার নতুন করে জীবন গুছিয়ে ওঠার কথাও জানান তিনি। সাংবাদিকতা, লেখা, জনসংযোগ, রাজনীতি ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখার কথা উল্লেখ করে লিখেছেন, “ধ্বংসস্তুপ থেকে উঠে আবার পারফর্ম করছি। আনুগত্যের প্রমাণও প্রশ্নাতীতভাবে দিয়েছি।”
ঈশ্বরেই ভরসা রেখেছেন কুণাল ঘোষ, তখনও, এখনও। সঙ্গে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে লিখেছেন, “অনেক কাজ বাকি। অনেক কিছু দেখা বাকি।” এক যুগ আগের সেই দিনটিকে তিনি ব্যাখ্যা করেছেন স্মৃতির পাশাপাশি শপথের দিন হিসেবে। লেখেন, “আমার গ্রেফতারের ১২ বছর, এক যুগ— আজ সেই দিনটি উদযাপন করছি, স্মৃতিতে এবং শপথে।”
সারদা মামলার তদন্তেই কয়েক বছর আগে আইপিএস অফিসার তথা কলকাতা ও বিধাননগরের প্রাক্তন পুলিশ কমিশনার রাজীবের সঙ্গে মুখোমুখি জেরায় বসানো হয়েছিল কুণালকে। সেটি হয়েছিল মেঘালয়ের শিলংয়ে। এখন অবশ্য রাজীব রাজ্য পুলিশের ডিজি।
প্রসঙ্গত, কুণাল যখন গ্রেফতার হন, তখন তিনি ছিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ। তখন বিধাননগর কমিশনারেটের কমিশনার ছিলেন পুলিশকর্তা রাজীব কুমার। গোয়েন্দাপ্রধান ছিলেন অর্ণব ঘোষ। গ্রেফতারের আগে কুণাল কান্নায় ভেঙে-পড়ে সাংবাদিক বৈঠক করেছিলেন। তার পরে কুণালের সাড়ে তিন বছর হাজতবাস, জামিন পাওয়া এবং তার পর ধীরে ধীরে ফের রাজনীতিতে সামনে আসার ঘটনায় অনেকেই তাঁকে ‘কামব্যাক ঘোষ’ বলে অভিহিত করেন।