স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না নির্যাতিতার স্বামী। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ এক প্রতিবেশী যুবক গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শারীরিক নির্যাতন চালায়।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 25 October 2025 07:22
দ্য ওয়াল ব্যুরো: আসানসোল পুরনিগমের কুলটি থানা এলাকায় জনজাতি সম্প্রদায়ের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত গ্রামবাসী। পরে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন না নির্যাতিতার স্বামী। অভিযোগ, রাত সাড়ে ১২টা নাগাদ এক প্রতিবেশী যুবক গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে এবং শারীরিক নির্যাতন চালায়।
নির্যাতিতার স্বামী বলেন, “আমি তখন বাড়িতে ছিলাম না। রাত তিনটে নাগাদ ফিরি। শুনি, ওকে রাত সাড়ে ১২টা নাগাদ ধরে নিয়ে যায়, ছাড়ে রাত ২টোয়। ছেলেটাকে গ্রামের লোক ধরেছে। তারপর পুলিশে দেওয়া হয়েছে। আমরা শুধু চাই, বিচার হোক—যাতে আর কোনও মেয়ের সঙ্গে এমন না হয়।”
যদিও অভিযুক্ত যুবক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। তাঁর দাবি, “সব মিথ্যে। আমি তো রাত ১১টার মধ্যে ঘরে চলে এসেছিলাম।”
এ ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কথা বলা হচ্ছে নির্যাতিতার পরিবারের সদস্য এবং স্থানীয়দের সঙ্গেও।
এলাকার তৃণমূল কংগ্রেস সভাপতি বিধান চন্দ্র মাজি বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। দেখি ধর্ষণের অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। অভিযোগ দায়েরও হয়েছে। আমরা চাই, পুলিশের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত হোক এবং দোষীর শাস্তি নিশ্চিত করা হোক।”