কোন্নগড়ে তৃণমূল নেতা খুনে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার বাঘা। বাঁকুড়া থেকে তাকে ধরেছে পুলিশ। এই গ্যাংস্টারের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরেই পিন্টু চক্রবর্তী খুন হয়েছেন বলে অনুমান পুলিশের।

কোন্নগরের তৃণমূল নেতা খুনে ধৃত বাঘা
শেষ আপডেট: 3 August 2025 14:37
দ্য ওয়াল ব্যুরো: কোন্নগরে তৃণমূল নেতা খুনে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার বাঘা। বাঁকুড়া থেকে তাকে ধরেছে পুলিশ (Konnagar TMC Leader Murder)। এই গ্যাংস্টারের সঙ্গে জমি সংক্রান্ত বিবাদের জেরেই পিন্টু চক্রবর্তী খুন হয়েছেন বলে অনুমান পুলিশের।
সূত্রে খবর, বাঁকুড়ার সোনামুখী থেকে বাঘাকে গ্রেফতার করেছে পুলিশ (Gangster Bagha Arrested)। এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত মোট চারজনকে গ্রেফতার করা হল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি জমি বিক্রি নিয়ে পঞ্চায়েতে মতবিরোধ হয়েছিল। বাকিরা সহমত হলেও আপত্তি জানিয়েছিলেন তৃণমূল নেতা। সেইকারণেই 'পথের কাঁটা' সরাতে সুপারি কিলার দিয়ে পিন্টুকে খুন করা হয় বলেই প্রাথমিক তদন্ত উঠে এসেছে।
গত শনিবারই তিনজনকে গ্রেফতার করা হয়েছে- বিশ্বনাথ দাস ওরফে বিশা, দীপক মণ্ডল এবং বিশ্বজিৎ প্রামাণিক। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই জানা গেছে, বিশা ৩ লক্ষ টাকা সুপারির বিনিময়ে দু'জন ভাড়াটে খুনিকে নিয়ে এসেছিল। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে খুনের ঘটনার হাড়হিম করা ভিডিও।
বুধবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কানাইপুরে তৃণমূল নেতার গ্যাস গোডাউনের উল্টোদিকে দু'জনকে অপেক্ষা করতে দেখা যায়। পিন্টু অফিস থেকে বেরিয়ে বাইকে উঠতেই ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় এক দুষ্কৃতী। পরপর এলোপাথাড়ি কোপ দেওয়া হয়। ভয় প্রত্যক্ষদর্শীদের কেউ এগিয়ে আসতে পারেননি। তৃণমূল নেতাকে খুনের পর পালিয়ে যায় দুষ্কৃতীরা।
প্রসঙ্গত, কোন্নগরের কানাইপুরে বুধবার সন্ধ্যায় দুষ্কৃতী হামলায় গুরুতর আহত হন তৃণমূলের পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্না। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।