বিশৃঙ্খলার কারণ খুঁজতে সিট (SIT in Messi case) গঠন করে রাজ্য। তদন্তে উঠে এসেছে, প্রায় ৩৫ হাজার দর্শকের কাছ থেকে মোট ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল।

ফাইল ছবি
শেষ আপডেট: 1 January 2026 19:56
দ্য ওয়াল ব্যুরো: গত ডিসেম্বরে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে মেসি সফর (Messi in Kolkata) ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, তার জল গড়িয়েছে অনেকদূর। সেই ঘটনার কয়েক সপ্তাহ পর অবশেষে দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানা গেছে। গত ১৩ ডিসেম্বর দর্শকরা টিকিট কেটে মেসিকে দেখতে যুবভারতীতে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাদের আশা পূরণ হয়নি। নেতা-মন্ত্রী এবং তাঁদের ঘনিষ্ঠরাই ঘিরে ছিল মেসিকে, এই অভিযোগে ক্ষুব্ধ দর্শকরা মাঠে নেমে ভাঙচুর চালায়।
বিশৃঙ্খলার কারণ খুঁজতে সিট (SIT in Messi case) গঠন করে রাজ্য। তদন্তে উঠে এসেছে, প্রায় ৩৫ হাজার দর্শকের কাছ থেকে মোট ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। পুলিশের জিজ্ঞাসাবাদে আয়োজক সংস্থা সম্পর্কে একাধিক তথ্য উঠে এসেছ। মেসি সফরের (Messi in Kolkata) মূল আয়োজক শতদ্রু দত্তের সংস্থার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে, তদন্তকারীরা সংস্থার অ্যাকাউন্ট ও সম্পত্তি মিলিয়ে এখনও পর্যন্ত ২২ কোটি টাকা বাজেয়াপ্ত করেছেন। নিম্ন আদালত থেকে উচ্চ আদালত- দুই জায়গাতেই এই তথ্য পেশ করা হয়েছে।
সূত্রে খবর, পুরো ঘটনার প্রাথমিক তদন্তেই দেখা গিয়েছে, মেসিকে আনার নামে প্রায় ২৩ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই তদন্ত এখনও প্রথম পর্যায়ে। ৩৫ হাজার মানুষ টিকিট কেটেছিলেন। ১৯ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছিল। বিশৃঙ্খলার জেরে সরকারি সম্পত্তির প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছিল বলেও জানিয়েছে তদন্তকারীরা।
ঘটনার দিনের বিশৃঙ্খলা ছিল নজিরবিহীন। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে দর্শকরা স্টেডিয়ামে এসেছিলেন, কিন্তু সেভাবে মেসিদের দেখা না পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বিভিন্ন অংশে ভাঙচুর করেন। পরিস্থিতি সামলাতে গিয়ে প্রশাসনকে হিমশিম খেতে হয়। দেড় ঘণ্টার কর্মসূচি শেষ হওয়ার আগেই ১৫ মিনিটে মাঠ ছাড়েন মেসি। তারপরই বিশৃঙ্খলা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।
পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। সেদিনই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তিনি বর্তমানে জেল হেফাজতে রয়েছেন।
রাজ্যের ডিজিপি রাজীব কুমার সাংবাদিক বৈঠক করে আগেই দর্শকদের আশ্বস্ত করেছিলেন, “যতগুলি টিকিট বিক্রি হয়েছে, তার পুরো টাকা দর্শকদের ফেরত দিতেই হবে। আয়োজকরা না দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
অবশেষে টিকিটের টাকা ফেরত দেওয়ার পুরো প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে পুলিশ। প্রশাসন বলছে, দর্শকরা তাঁদের প্রাপ্য টাকা অবশ্যই পাবেন। একইসঙ্গে, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তদন্তও অব্যাহত থাকবে।