অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন ওই কমিটি মঙ্গলবার রাজ্যের কাছে রিপোর্ট জমা দিয়েছে।

গ্রাফিক্স-দ্য ওয়াল।
শেষ আপডেট: 16 December 2025 13:53
দ্য ওয়াল ব্যুরো: যুবভারতী স্টেডিয়ামে (Yuva Bharati chaos) লিওনেল মেসিকে (Lionel Messi) দেখতে না পাওয়াকে কেন্দ্র করে গত শনিবার তৈরি হওয়া বিশৃঙ্খলার ঘটনায় তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট জমা পড়ল। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন ওই কমিটি মঙ্গলবার রাজ্যের কাছে রিপোর্ট জমা দিয়েছে।
কমিটির সুপারিশ, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হোক। পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে (Initial report orders probe into police role)।
গত শনিবার যুবভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। কিন্তু মাত্র ২৩ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাঁকে। অভিযোগ, রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায়।
এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি। কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়, মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী।
সূত্রের খবর, ঘটনার দিন নিরাপত্তা ব্যবস্থাপনা কীভাবে করা হয়েছিল, পুলিশের ভূমিকা কী ছিল, নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর ছিল—এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে পুলিশকে। একই সঙ্গে ক্রীড়া দফতরের কাছেও রিপোর্ট চাওয়া হয়েছে। পুলিশ ও ক্রীড়া দফতর—দু’পক্ষকেই ২৪ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কমিটির তরফে আরও জানানো হয়েছে, জলের বোতল কীভাবে মাঠে ঢুকল, অনুষ্ঠান পরিকল্পনা ঠিক কী ছিল, দায়িত্বে কারা ছিলেন, এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর দিতে হবে সংশ্লিষ্ট দফতরগুলিকে।
এ দিকে যুবভারতী-কাণ্ডে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে পরপর চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও একটি জনস্বার্থ মামলা করেছেন। আগামী বৃহস্পতিবার ওই মামলাগুলির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।