
শেষ আপডেট: 28 March 2024 07:41
দ্য ওয়াল ব্যুরো: নিউটাউনে একটি বাড়িতে কাজ করতে গিয়ে সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। ঘটনার প্রায় ১১ ঘণ্টা পরে ফোন যায় পুলিশের কাছে। তার আগে পর্যন্ত নিউটাউন থানাকে কিছু জানানো হয়নি বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
নিউটাউন ৯ নম্বর গর্ভমেন্ট কলোনীর নির্মীয়মান একটি বাড়িতে কাজ করতে যান এক ঠিকা শ্রমিক। সূত্রেরর খবর, সেখানে পুনম সিং নামে এক মহিলার বাড়িতে সেপটিক ট্যাঙ্কের কাজ করছিলেন তিনি। আচমকাই পা পিছলে ট্যাঙ্কের ভিতর কোনও ভাবে পড়ে যান তিনি। আশঙ্কাজনক অবস্থায় ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালেই মৃত্যু হয় শ্রমিকের।
মৃত শ্রমিকের নাম পরিচয় জানতে পারা যায়নি। এই বিষয় নিয়ে পুনম সিং বা তাঁর পরিবারের কেউ মুখ খোলেননি। কখন ও কীভাবে এই ঘটনা ঘটল তাও সঠিকভাবে জানতে পারা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের বাড়ি জাগুলিয়ায়। সব থেকে আশ্চর্যের বিষয় হল, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশকে কিছু জানানো হয়নি। শ্রমিকের মৃত্যুর প্রায় ১১ ঘণ্টা পর খবর যায় নিউটাউন থানায়। কেন পুলিশকে কিছু জানানো হল না সেই নিয়ে প্রশ্ন উঠছে। পুনম সিংয়ের পরিবারের লোকজনকে জেরা করা হচ্ছে বলে খবর।