শুধু মনমোহন সিংহ জমানায় নয়, পরবর্তীকালে নরেন্দ্র মোদীর মেয়াদেও তিন বছর এসপিজি-তে ছিলেন পীযূষ। ২০১৫ সালে এসপিজি-তে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দু’বছর এক্সটেনশন দেওয়া হয় তাঁকে।

গ্রাফিক্স দ্য ওয়াল।
শেষ আপডেট: 30 January 2026 22:08
দ্য ওয়াল ব্যুরো: মেক্সিকোর লস কাবোসে জি-২০ শীর্ষ বৈঠক (G-20 Sumit) সেরে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) বিমান রিও ডি জেনেইরোর বিমানবন্দর ছুঁয়েছে। বিমান থেকে নামার সময়ে দেখা গেল, নীচে দূতাবাস কর্মীদের সঙ্গে একটি চেনা মুখ। দুঁদে পুলিশ অফিসার হলেও বরাবরই আপাত শান্ত স্বভাবের। নিচু গলায় কথা বলেন। কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল হওয়ার সময় থেকেই বেশ পরিচিত। আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে (Peeyush Pandey)।
আপনি এখানে? স্মিত হেসে পীযূষ জবাব দেন, ‘এখন এসপিজি-তে’। এসপিজি মানে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, সনিয়া-রাহুল-প্রিয়ঙ্কা সেই সময়ে এসপিজি প্রোটেকশন পেতেন। পীযূষ ছিলেন এসপিজি-র ইনস্পেক্টর জেনারেল (Inspector General in Special Protection Group -SPG)। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি।
শুধু মনমোহন সিংহ জমানায় নয়, পরবর্তীকালে নরেন্দ্র মোদীর মেয়াদেও তিন বছর এসপিজি-তে ছিলেন পীযূষ। ২০১৫ সালে এসপিজি-তে তাঁর মেয়াদ শেষ হওয়ার পর প্রায় দু’বছর এক্সটেনশন দেওয়া হয় তাঁকে। সেই সময়ে প্রেসিডেন্ট মেডেলও পান তিনি। অর্থাৎ মনমোহনের পাশাপাশি নরেন্দ্র মোদীর নিরাপত্তার দায়িত্বেও ছিলেন এই আইপিএস অফিসার।
১৯৯৩ সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইপিএস অফিসার পীযূষ পাণ্ডে। সেই থেকে এ পর্যন্ত পুলিশ সার্ভিসে তাঁর কেরিয়ার অতিশয় পরিচ্ছন্ন। ৩১ জানুয়ারি রাজ্য পুলিশের ডিজি পদে রাজীব কুমারের (Rajeev Kumar) মেয়াদ শেষ হচ্ছে। তাঁর আগে থেকেই ডিজি পদে সম্ভাব্যদের তালিকায় অগ্রে নাম ছিল পীযূষের। তিনি ছিলেন রাজ্যের তথা মুখ্যমন্ত্রীর ডিরেক্টর সিকিউরিটি। তবে এতোটাই তিনি নিজেকে আড়ালে রাখেন যে গুগল করেও তাঁর বিশেষ ছবি খুঁজে পাওয়া মুশকিল। বিটস (BIT Mesra) থেকে প্রযুক্তি নিয়ে স্নাতক করেছেন পীযূষ পাণ্ডে। পরে এম-টেক করেছেন কানপুর আইআইটি থেকে। তারপর ইউপিএসসি পরীক্ষায় পাশ করে পুলিশ সার্ভিসে।
রাজ্যে ডিজি পদে স্থায়ী নিয়োগের বিষয়টি এখন নানা জটিলতার মধ্যে রয়েছে। এ ব্যাপারে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল সম্প্রতি একটি রায় ঘোষণা করেছে। তার পর আবার নতুন করে মামলা মোকদ্দমা চলছে। এই অবস্খায় রাজীব কুমারের অবসরের পর ডিজি পদ তো আর শূন্য রাখা যায় না। শুক্রবার ডিজি (West Bengal DGP) পদে নিয়োগ করা হয়েছে পীযূষ পাণ্ডেকে। তবে নবান্ন সূত্রের মতে, তাঁকে ভারপ্রাপ্ত ডিজি বলাই বাঞ্ছনীয়।
শীর্ষ আমলাদের অনেকের কথায়, আপাতত ভারপ্রাপ্ত ডিজি হলেও এই পদে স্থায়ী ভাবে নিযুক্ত হওয়ার ক্ষেত্রেও যোগ্য অফিসার পীযূষ। তাৎপর্যপূর্ণ হল, এমন সময়ে তাঁকে ডিজি পদে নিয়োগ করা হয়েছে যখন রাজ্যে নির্বাচন আসন্ন। গত কয়েকটি নির্বাচনের দৃষ্টান্ত দেখে বলা যেতে পারে, প্রতিবার ভোটেই রাজ্য পুলিশের ডিজিকে সাময়িক ভাবে সরিয়ে অন্য কোনও পুলিশ কর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন। পীযূষের ক্ষেত্রে সেই সম্ভাবনাও হয়তো কম। দায়িত্বশীল পুলিশ কর্তা হিসাবে এখনও পর্যন্ত তাঁর ভূমিকা প্রশ্নাতীত।