দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের দাপট (Winter in South Bengal) একই রকম। রবিবার রাতে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে- যা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 30 December 2025 17:21
দ্য ওয়াল ব্যুরো: বছরের শেষভাগে এসে তাপমাত্রার পতনে রোজ নতুন নতুন রেকর্ড। কোচবিহার থেকে কাকদ্বীপ- সব জায়গায় একধাক্কায় পারদ নেমেছে অনেকটাই (Winter in Bengal)। মঙ্গলবার সকালে কলকাতা আরও একবার দেখল মরসুমের শীতলতম দিন (Kolkata Weather)। শহরের তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.২ ডিগ্রি নীচে।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও শীতের দাপট (Winter in South Bengal) একই রকম। রবিবার রাতে পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াসে- যা দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে কম। দার্জিলিঙে পারদ নেমেছে ৪.৪ ডিগ্রিতে। দিঘায় ১১.২, কোচবিহার ১৩.৬, কালিম্পং ১০ এবং বর্ধমানের তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন দক্ষিণবঙ্গের রাতের ঠান্ডা (Cold Weather) একই থাকবে। অর্থাৎ কনকনে শীত থেকে এখনই রেহাই মিলবে না। এরপর ধীরে ধীরে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি বাড়তে পারে। তবে নতুন বছর আসার আগে শীত কমার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত (Kolkata Weather Forecast)। দক্ষিণের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, ফলে শীতের কাঁপুনি সাফ টের পাওয়া যাবে। তবে কুয়াশার সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দৃশ্যমানতা ৯৯৯ মিটার পর্যন্ত থাকলেও তা কমে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।
উত্তরবঙ্গের পরিস্থিতি আরও চিন্তার (North Bengal Weather)। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা তৈরি হতে পারে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ১৯৯ মিটার থেকে মাত্র ৫০ মিটারে। কিছু কিছু জায়গায় বিকেলের দিকেও কুয়াশার কারণে দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যাচ্ছে।
এদিকে চলতি সপ্তাহে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে (Snowfall in Darjeeling)। ফলে পাহাড়ে শীত আরও বাড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।