মঙ্গলবার সভা শেষ করে বিকেলের মধ্যেই কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে জেলা জুড়ে তৎপরতা বেড়েছে।
.jpeg.webp)
ফাইল ছবি
শেষ আপডেট: 30 December 2025 09:32
দ্য ওয়াল ব্যুরো: বছর শেষ হতে বাকি আর দু'দিন। ২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন (2026 Assembly Election), যাকে পাখির চোখ করে এগোচ্ছে রাজনৈতিক দলগুলি। একের পর এক কর্মসূচি, জনসভা, সফর। এসবের মধ্যেই এবার জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার বাঁকুড়ায় মেগা জনসভা হওয়ার কথা রয়েছে তাঁর।
আজ, বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রে বড় জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরেই হাওড়ার ডুমুরজলা থেকে হেলিকপ্টারে পৌঁছে যাবেন বাঁকুড়ায় (Bankura Rally)। বড়জোড়ার বীরসিংহ ময়দানে তৈরি হয়েছে সভামঞ্চ। তার দৈর্ঘ্য প্রায় ১২০ ফুট, প্রস্থ ৬০ ফুট। মঞ্চের সামনে মিডিয়া গ্যালারি এবং ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। এই সভায় দলের নেতা-কর্মী থেকে শুরু করে শিল্পাঞ্চল, খনি সংলগ্ন বসতির বহু মানুষ উপস্থিত থাকতে পারেন বলেই খবর।
মঙ্গলবার সভা শেষ করে বিকেলের মধ্যেই কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর (CM to return in Kolkata)। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এই সফরকে ঘিরে জেলা জুড়ে তৎপরতা বেড়েছে। অন্যদিকে, লোকসভা হোক কিংবা বিধানসভা ভোট, বাঁকুড়ায় যে বিজেপির প্রভাব আছে, একথা অস্বীকার করে না তৃণমূলের একাংশ। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে এই জেলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এদিকে, তিনদিনের সফরে সোমবার রাতেই কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah in Bengal)। এই সফরে কোনও জনসভা বা সমাবেশ না রেখে পুরোপুরি সাংগঠনিক বৈঠকেই গুরুত্ব দিয়েছেন শাহ। বিজেপি (BJP) সূত্রে খবর, আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে দলের সাংগঠনিক অবস্থান খতিয়ে দেখা এবং রণকৌশল চূড়ান্ত করাই এই সফরের মূল উদ্দেশ্য।
গতকাল শহরে এসেই রাজ্য নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করেছেন শাহ। মঙ্গলবারও রয়েছে একাধিক কর্মসূচি। দুপুর ২টো নাগাদ বিধাননগরে একটি দীর্ঘ সাংগঠনিক বৈঠক (Party Meeting) করার কথা রয়েছে তাঁর। প্রায় দু’ঘণ্টা ধরে চলতে পারে সেই বৈঠক। এরপর বিকেল সাড়ে ৪টে থেকে আরও একটি বৈঠকে বসবেন তিনি। দুই বৈঠক শেষে ফের নিউটাউনের হোটেলে ফিরে যাবেন শাহ।
এছাড়া মঙ্গলবারই একটি সাংবাদিক বৈঠকও করতে পারেন অমিত শাহ - এমনটাই দাবি রাজ্য বিজেপির একাংশের। ওই সাংবাদিক বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর (SIR) নিয়ে কেন্দ্র এবং বিজেপির অবস্থান স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।