২৫ জানুয়ারি নির্দিষ্ট ওই সময়সীমায় যাঁরা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে যাতায়াত করবেন, তাঁদের বিকল্প রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিদ্যাসাগর সেতু
শেষ আপডেট: 22 January 2026 19:06
দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন ধরেই বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu)-তে মেরামতি ও পুনর্বাসন (repair and rehabilitation) সংক্রান্ত কাজ চলছে। ফের বন্ধ থাকছে কলকাতা-হাওড়া সংযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতু। আগামী ২৫ জানুয়ারি ২০২৬, রবিবার, মোট ১৬ ঘণ্টা যান চলাচল বন্ধ (Second Hooghly Bridge closure) - সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক আপডেট শেয়ার করল কলকাতা পুলিশ (Kolkata Police Traffic Advisory)।
সরকারি নোটিস অনুযায়ী, ভোর ৫টা (05:00 hrs) থেকে রাত ৯টা (21:00 hrs) পর্যন্ত এই নিয়ন্ত্রণ জারি থাকবে। এই সময়সীমায় বিদ্যাসাগর সেতু ও তার সমস্ত র্যাম্প দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সেই কারণে কলকাতা পুলিশ নির্দিষ্ট ট্রাফিক ডাইভারশন রুট (Kolkata Traffic Diversion) ঘোষণা করেছে।
এই সময়ে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল (stay cables), হোল্ডিং ডাউন কেবল (holding down cables) এবং বেয়ারিং (bearings) বদল-সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজ করা হবে। সেতুর দীর্ঘমেয়াদি নিরাপত্তা ও স্থায়িত্ব নিশ্চিত করতে এই মেরামতি ও পুনর্বাসন কর্মসূচি নেওয়া হয়েছে। কাজটি পরিচালনা করছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস অথরিটি (Hooghly River Bridge Commissioners Authority)।
কলকাতা পুলিশ জানিয়েছে, নিরাপত্তা ও যাত্রীসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ২৫ জানুয়ারি নির্দিষ্ট ওই সময়সীমায় যাঁরা দ্বিতীয় হুগলি সেতু ব্যবহার করে যাতায়াত করবেন, তাঁদের বিকল্প রুট পরিকল্পনা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোন দিক থেকে এলে কোন পথে ঘুরবে যান
১) এজেসি বোস রোড থেকে বিদ্যাসাগর সেতু
টার্ফ ভিউ থেকে গ্রেড রোড ধরে হেস্টিংস ক্রসিং। সেখান থেকে সেন্ট জর্জস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড এবং তারপর হাওড়া ব্রিজ। অথবা হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড।
২) কেপি রোড (J&N Island দিক) → বিদ্যাসাগর সেতু
১১ ফার্লং গেট থেকে হেস্টিংস ক্রসিং। তারপর সেন্ট জর্জস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড এবং তারপর হাওড়া ব্রিজ।
৩) সিজিআর রোড (খিদিরপুর দিক) → বিদ্যাসাগর সেতু
হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরে সেখান থেকে সেন্ট জর্জস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড এবং তারপর হাওড়া ব্রিজ।
৪) কেপি রোড থেকে ওয়াই পয়েন্ট র্যাম্প ধরে সেতুতে ওঠার পরিকল্পনা থাকলে
ওয়াই পয়েন্ট থেকে ঘুরিয়ে দেওয়া হবে ১১ ফার্লং গেটের দিকে। তারপর কেপি রোড → রেড রোড → হাওড়া ব্রিজ।
প্রয়োজনে শহরের অন্যান্য প্রধান আর্টেরিয়াল রোড দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।