সপ্তাহান্তে স্কুল-কলেজ এবং কিছু অফিসকাছারি বন্ধ থাকলেও বেশিরভাগ অফিস খোলাই থাকে। ফলে দুর্ভোগ কাটছে না যাত্রীদের।

শেষ আপডেট: 14 November 2025 14:07
দ্য ওয়াল ব্যুরো: বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু (Vidyasagar Setu)-র রক্ষণাবেক্ষণ ঘিরে ফের বড়সড় পরিবর্তন আসতে চলেছে শহরের ট্রাফিকে। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি (Kolkata Police Traffic Advisory) অনুযায়ী, আগামী রবিবার, ১৬ নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু। এই সময় সেতুর উপর দিয়ে কোনও যান চলাচলই করবে না (Vidyasagar Setu closed November 16)।
কলকাতা পুলিশ জানিয়েছে, রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সেতুতে প্রবেশ নিষিদ্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের (Vidyasagar Setu Maintenance Work) গুরুত্বপূর্ণ কাজ চলার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে হাওড়া–কলকাতা সংযোগকারী অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকায় যান চলাচলে চাপ বাড়বে, তা বলাই বাহুল্য। সেই কারণে আগে থেকেই বিকল্প রাস্তার নির্দেশিকা প্রকাশ করেছে লালবাজার।
কোন রুট দিয়ে যেতে হবে? কী বলছে পুলিশের নির্দেশিকা?
এজেসি বোস রোড হয়ে সেতুর দিকে যাওয়া গাড়িগুলিকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড–হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়িগুলিকে হাওড়া ব্রিজ বা খিদিরপুরের দিকে কেপি রোড ধরার পরামর্শ দেওয়া হয়েছে।
খিদিরপুর–সিজিআর রোড থেকে সেতুর দিকে যাওয়া সব গাড়িকে হেস্টিংস ক্রসিং-এ বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে।

পুলিশের দাবি, বিকল্প রুটে গাড়ি ঘোরানোর ব্যবস্থা রাখা হলেও সেতু বন্ধ থাকায় যানজটের আশঙ্কা প্রবল। তাই রবিবার সকালেই অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে।
ইতিমধ্যেই চলছে মেরামতির কাজ
উল্লেখ্য, চলতি মাসের ৯ তারিখেও একই কারণে সেতুটি বন্ধ করা হয়েছিল। দীর্ঘদিন ধরেই দ্বিতীয় হুগলি সেতুর বিভিন্ন অংশে পর্যায়ক্রমে সংস্কারের কাজ চলছে।
রবিবার ছুটির দিন হিসেবে মাঝেমাঝেই গুরুত্বপূর্ণ এই সেতু বন্ধ থাকছে। সপ্তাহের অন্যদিনগুলির মতো অতটা চাপ না থাকলেও বিপাকে পড়তে হচ্ছে মানুষকে। কারণ সপ্তাহান্তে স্কুল-কলেজ এবং কিছু অফিসকাছারি বন্ধ থাকলেও বেশিরভাগ অফিস খোলাই থাকে। ফলে দুর্ভোগ কাটছে না যাত্রীদের।