জানা যাচ্ছে, হাওড়া থেকে কলকাতা যাওয়ার লেনে দুর্ঘটনাটি ঘটেছে (vidyasagar setu accident)।

শেষ আপডেট: 27 December 2025 13:02
দ্য ওয়াল ব্যুরো: সকালবেলাই দুর্ঘটনা দেখল কলকাতা-হাওড়া সংযোগকারী অন্যতম ব্যস্ত রুট বিদ্যাসাগর সেতু (vidyasagar setu)। জানা যাচ্ছে, হাওড়া থেকে কলকাতা যাওয়ার লেনে দুর্ঘটনাটি ঘটেছে (vidyasagar setu accident)।
মালবাহী একটি কন্টেইনার নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ধাক্কা মারে ডিভাইডারে। উল্টে যায় গাড়িটি। চালক, খালাসি কোনওভাবে নিরাপদে বেরিয়ে আসেন বলে খবর। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছয় বিদ্যাসাগর সেতুর ট্রাফিক গার্ড পুলিশ।
যেহেতু কন্টেইনারটি ব্রিজের মাঝ বরাবর উল্টে যায়, ফলে দু'ধারের দুটি লেন চালু রাখা সম্ভব হয়েছে। ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হলেও মোটের ওপর স্বাভাবিক বলেই জানাচ্ছে পুলিশ।
শনিবারের সকালে ব্রিজের ব্যস্ততা তুলনামূলক কম থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে, জানিয়েছে পুলিশ।
১৯৭২ সালে দ্বিতীয় হুগলি সেতুর শিলান্যাস করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। (Second Hooghly Bridge)
১৯৭৯ সাল নাগাদ নির্মাণ কাজ শুরু হয়েছিল। তারপর ৯২ সালে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় হুগলি সেতুর উদ্বোধন হয়। তবে ২০১৩ সালে রাজ্য সচিবালয় রাইটার্স বিল্ডিংস থেকে সরিয়ে নবান্নে নিয়ে যাওয়ার পর থেকে বিদ্যাসাগর সেতুর মাহাত্ম্য বাড়ে।
এই সেতুর ডিজাইন করেছিল জার্মান কারিগরী সংস্থা শ্লায়েশ বার্জারম্যান পার্টনার (Schlaich Bergermann Partner)। সে কারণেই জার্মান বিশেষজ্ঞদের আনা হয় সেতুর মেরামতির জন্য। মোট ১২১ টি কেবলের ফ্যান অ্যারেঞ্জমেন্টের উপর সেতুটি দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে কয়েকটি কেবলের অবস্থা ভাল নয় বলে জানিয়েছিলেন পূর্ত দফতরের আধিকারিকরা। প্রাথমিকভাবে মেরামতির জন্য খরচ ধরা হয়েছিল ৫৫ কোটি টাকা।