মহালয়ার দুপুরে কলকাতার চারু মার্কেটের একটি জিমে গুলি।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 21 September 2025 15:43
দ্য ওয়াল ব্যুরো: হেলমেট-রেনকোট পরে জিমে ঢুকে পর পর গুলি। নিশানায় জিমের মালিক। চারু মার্কেটের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুলি চললেও হতাহতের কোনও খবর নেই।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন দুপুরে দু’জন হেলমেট ও রেনকোট পরে বাইকে করে জিমে আসেন। রাস্তার ধারে বাইক দাঁড় করিয়ে জিমের ভিতর ঢোকেন। প্রথমে জিমের একজন কর্মচারীর কাছে মালিকের খোঁজ নেন। এরপরই পরপর দু'টি গুলি চালানো হয়। কিছু বুঝে ওঠার আগেই বাইক নিয়ে এলাকা থেকে চম্পট দেন তাঁরা।
ঘটনাস্থল থেকে গুলি দু'টি খোল উদ্ধার হয়েছে। দুষ্কৃতীদের পরিচয় জানা যায়নি। কী কারণে এই ঘটনা তাও বুঝতে পারছেন না জিমেরই কর্মীরা।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুপুরেই। চারু মার্কেট থানার আধিকারিক জানিয়েছেন, দুষ্কৃতীদের উদ্দেশ্য ও ঘটনা সংক্রান্ত বিস্তারিত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। জিমের ভিতরে ও বাইরে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন আধিকারিকরা। তাঁরা মনে করছেন, দ্রুত ওই দুই ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেফতার করা সম্ভব হবে।