২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসসেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে বি কম সেমিস্টার ৪ এবং বিএ এলএলবি সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে।

তৃণাঙ্কুর ভট্টাচার্য
শেষ আপডেট: 26 July 2025 13:38
দ্য ওয়াল ব্যুরো: ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসসেই দিনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) তরফে বি কম সেমিস্টার ৪ এবং বিএ এলএলবি সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি (Exam Date) ঘোষণা করা হয়েছে। সময়ও দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা। যা নিয়ে গভীর ষড়যন্ত্র দেখছে তৃণমূল। অন্যদিকে, নিজেদের সিদ্ধান্তে অনড় বিশ্ববিদ্যালয়।
টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের (Trinankur Bhattacharya ) অভিযোগ, "গণতান্ত্রিক পরিকাঠামোয় যে কোনও ব্যক্তি নিজের ইচ্ছে মতো রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করতে পারে— এটাই গণতন্ত্রের মূল সৌন্দর্য। সেই অনুযায়ী, আজকের ছাত্র-যুব সমাজ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বাসী, তাঁদের আটকে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্র রচনা করা হয়েছে।"
তাঁর অভিযোগ, "আগামী ২৮ অগস্ট, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে হঠাৎ করে বি কম সেমিস্টার ৪ এবং বিএ এলএলবি সেমিস্টার ৪-এর পরীক্ষার সূচি ঘোষণা করা হয়েছে এবং সময় দেওয়া হয়েছে ঠিক দুপুর ২টো থেকে বিকেল ৫টা। এটি কোনও সাধারণ অ্যাকাডেমিক সিদ্ধান্ত নয়। এটি স্পষ্ট করে দেয়, ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকারে বাধা দেওয়া এবং দিল্লির ইশারায় চলা এক রাজনৈতিক অপকৌশল।"
তৃণাঙ্কুর আরও লেখেন, "এই সিদ্ধান্ত কেবল তৃণমূল ছাত্র পরিষদের সমর্থক ছাত্র-ছাত্রীদেরই নয়, বরং সমস্ত সাধারণ ছাত্র-ছাত্রীদেরও চরম অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য, এই বেআইনি অনুপ্রবেশকারী উপাচার্যর এমন আত্মকেন্দ্রিক পদক্ষেপ অত্যন্ত দুর্ভাগ্যজনক, গণতন্ত্রবিরোধী এবং নিন্দনীয়।"
উল্টোদিকে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত বলেন, "একেবারেই বাজে অভিযোগ। বিশ্ববিদ্যালয় কোনও সরকারি ছুটির দিনে পরীক্ষা রাখেনি। এটা দলগত কোনও অনুষ্ঠান হতে পারে। সেই রাজনৈতিক দল যদি দেখতে হয় তাহলে সব দলের নানারকম অনুষ্ঠানের তারিখ দেখে দেখে আমাকে পরীক্ষা ফেলতে হবে। এটাই তো অগণতান্ত্রিক দাবি বলে আমি মনে করি।"