কলেজে বসানো হবে আরও বেশ কিছু সিসিটিভি ক্যামেরা। কতগুলি ক্যামেরা বসানো হবে, তা নির্ধারণে ডাকা হবে ই-টেন্ডার।

ফাইল ছবি।
শেষ আপডেট: 25 July 2025 15:39
দ্য ওয়াল ব্যুরো: সাউথ ক্যালকাটা ল কলেজে (Kasba Law College) ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শিক্ষাঙ্গনের নিরাপত্তা নিয়ে উঠেছিল প্রশ্ন। এবার দেরিতে হলেও এ ব্যাপারে পদক্ষেপ করল কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার কলেজ পরিচালন সমিতির বৈঠকে নেওয়া হল একগুচ্ছ কড়া সিদ্ধান্ত।
কলেজ চত্বরে নিরাপত্তার দায়িত্ব এবার প্রাক্তন সেনাকর্মীদের (College Security) হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি বহিষ্কৃত করা হল মূল অভিযুক্ত মনোজিত মিশ্রের দুই সহকর্মী বরুণ বন্দ্যোপাধ্যায় ও অমিত অধিকারীকে।
পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল বিধায়ক অশোক দেব বলেন, "নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। সেনাবাহিনীর প্রাক্তন কর্মীদের নিয়োগ করে এই কাজ করা হবে। পাশাপাশি, কলেজে একটি ইন্টারনাল কমপ্লেন কমিটি (ICC) গঠন করা হবে, যাতে ছাত্রছাত্রীরা তাঁদের সমস্যা সহজেই জানাতে পারেন।"
সেই সঙ্গে নজর দেওয়া হচ্ছে নজরদারিতেও। কলেজে বসানো হবে আরও বেশ কিছু সিসিটিভি ক্যামেরা। কতগুলি ক্যামেরা বসানো হবে, তা নির্ধারণে ডাকা হবে ই-টেন্ডার। অশোক দেব জানিয়েছেন, ১৫ অগস্টের মধ্যেই এই কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
কলেজ চত্বরে এখনও যে সব দেওয়ালে মনোজিতকে ঘিরে স্লোগান লেখা রয়েছে, তা মুছে দেওয়াল রং করার কাজও দু-এক দিনের মধ্যেই শুরু হবে বলেও জানান তিনি।
গত ২৫ জুন রাতে দক্ষিণ কলকাতার এই কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এরপর মূল অভিযুক্ত মনোজিতকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, কলেজ চত্বরে তাঁর দীর্ঘদিনের প্রভাব ছিল। ঘটনার জেরে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হলেও ৭ জুলাই থেকে পুনরায় ক্লাস শুরু হয়। এমনকি ১৬ জুলাইয়ের পরীক্ষাতেও সাহসিকতার সঙ্গে অংশ নেন নির্যাতিতা ছাত্রী।
কলেজ সূত্রের খবর, ২০২৪ সালের ২ জুলাই অভিযুক্ত মনোজিত কলেজে অস্থায়ী কর্মীর কাজ পেয়েছিলেন। ঠিক একই সময় নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন বরুণ ও অমিত। তাঁদের ভূমিকা নিয়েও ওঠে প্রশ্ন। তাই তাঁদের আর কাজে না-রাখার সিদ্ধান্ত জানায় পরিচালন সমিতি।