সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) কর্তৃপক্ষ।

দ্বিতীয় হুগলি সেতু
শেষ আপডেট: 9 October 2025 20:37
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনি ও রবিবার কয়েক ঘণ্টার জন্য সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu) বা দ্বিতীয় হুগলি ব্রিজ (Second Hooghly Bridge)। সেতুর স্টে ও হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি রিভার ব্রিজ কমিশনারস (HRBC) কর্তৃপক্ষ। এই সময় সেতুর উপরে কোনও যানবাহন চলাচল করা যাবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)।
পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা (CP Manoj Verma) বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানিয়েছেন, জননিরাপত্তা ও যানবাহন চলাচলের সুবিধার স্বার্থে ১১ অক্টোবর (শনিবার) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এবং ১২ অক্টোবর (রবিবার) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু সম্পূর্ণভাবে যান চলাচলের জন্য বন্ধ থাকবে।
কোন সময়ে, কোথায় নিষেধাজ্ঞা
শনিবার (১১ অক্টোবর): সকাল ৫টা থেকে ৯টা পর্যন্ত
রবিবার (১২ অক্টোবর): বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত
এই সময়ে সেতু ও তার র্যাম্পগুলিতে সব ধরনের গাড়ি চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সেতুর কেবল ও বিয়ারিং পরিবর্তনের কাজ চলবে ওই সময়।
এই সময় যেসব গাড়ি বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের জন্য বিশেষ ট্রাফিক রূট নির্ধারণ করা হয়েছে—
পশ্চিমমুখী যানবাহন যারা জিরাট আইল্যান্ডের দিক থেকে এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে আসবে, তাদের টার্ফ ভিউ মোড় থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে যান চলবে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজ বা হেস্টিংস ক্রসিং থেকে কিপ রোডে (K.P. Road) ডানদিকে ঘুরে।
জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কিপ রোড হয়ে আসা পশ্চিমমুখী যানবাহনকে ১১ ফারলং গেট থেকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
খিদিরপুর দিক থেকে সিজিআর রোড হয়ে আসা পূর্বমুখী যানবাহনকে হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড–স্ট্র্যান্ড রোড–হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
কিপ রোডের ওয়াই-পয়েন্ট থেকে র্যাম্প ধরে সেতুতে ওঠা যানবাহনকেও ১১ ফারলং গেট হয়ে রেড রোডের দিকে ঘুরিয়ে হাওড়া ব্রিজে পাঠানো হবে। প্রয়োজনে পরিস্থিতি অনুযায়ী ট্রাফিক আরও অন্যান্য প্রধান সড়ক বা আর্টেরিয়াল রোডে ঘোরানো হবে।
কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার ও রবিবার নির্দিষ্ট সময়সীমায় বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। ওই সময়ে শহরের যানবাহন চাপ নিয়ন্ত্রণে রাখতে ট্রাফিক বিভাগ বিশেষ ব্যবস্থা নেবে।