আলিপুর আবহাওয়া (Alipore) দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বা রবিবারের মধ্যেই বাংলা (WB Weather Update) থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 October 2025 10:10
দ্য ওয়াল ব্যুরো: উত্তর-দক্ষিণ ভাসিয়ে অবশেষে বিদায় নিচ্ছে বর্ষা (Monsoon)। আলিপুর আবহাওয়া (Alipore) দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার বা রবিবারের মধ্যেই বাংলা (WB Weather Update) থেকে বর্ষার বিদায় নেওয়ার সম্ভাবনা প্রবল। আপাতত দক্ষিণবঙ্গে (Kolkata Weather) বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উপকূলবর্তী এলাকায় কিছু জায়গায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টির পরিমাণ ক্রমশ কমবে। উইকএন্ডে পুরোপুরি বিদায় নিতে পারে বর্ষা।
অন্যদিকে, উত্তরবঙ্গে এখন বৃষ্টি অনেকটাই কমেছে। গত কয়েকদিনের দুর্যোগ কাটিয়ে ফিরেছে স্বস্তির হাওয়া। মঙ্গলবার থেকে সেখানে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আটটি জেলাতেই আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বড় কোনও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
ভূমিধসের দাপটে (North Bengal Land Slide) রবিবার পর্যটকদের জন্য দার্জিলিংয়ের (Darjeeling) একাধিক দর্শনীয় স্থান বন্ধ করে দিয়েছিল জিটিএ। টাইগার হিল (Tiger Hill), সান্দাকফু (Sandakphu), রক গার্ডেনের মতো জনপ্রিয় জায়গাগুলিতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছিল নিরাপত্তার স্বার্থে। তবে মাত্র একদিনের মধ্যেই পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় সোমবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে আবারও প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি পর্যটন, ফের ভিড় বাড়ছে দার্জিলিং ও কালিম্পংমুখী পর্যটকদের (North Bengal Flood)।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ঝোড়ো হাওয়া-সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এইসব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
বর্ষা বিদায়ের রেখা আপাতত থমকে আছে উত্তরপ্রদেশের শাহজাহানপুরে। বর্তমানে এই রেখা গুজরাতের ভেরাভল থেকে উজ্জয়ন, ঝাঁসি হয়ে শাহজাহানপুর পর্যন্ত বিস্তৃত। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই গুজরাত, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশের বড় অংশ থেকে বর্ষা বিদায় নিতে পারে বলে জানিয়েছে দফতর।