মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ৬ দিনে মেট্রোর বহন ক্ষমতা থাকবে প্রায় ৯০.৬৩ লক্ষ যাত্রী। গত বছর পুজোয় যাত্রী সংখ্যা ছিল ৪১.১৫ লক্ষ। অর্থাৎ এ বছর প্রায় ১২০% বেশি যাত্রী বহনের মতো প্রস্তুতি নিয়েছে মেট্রো রেল।

কলকাতা মেট্রো
শেষ আপডেট: 25 September 2025 21:10
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর ভিড় সামলাতে (DURGAPUJA 2025) এবার শহরে চলবে রেকর্ড সংখ্যক মেট্রো (Kolkata Metro)। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট ৩০২১টি বিশেষ মেট্রো পরিষেবা চালাবে কলকাতা মেট্রো রেল। গত বছরের তুলনায় এ বছর আরও ৬৫১টি বেশি মেট্রো চালানো হচ্ছে।
প্রথমবারের মতো পুজোর ভিড়ে মেট্রো ছুটবে পার্পল ও ইয়েলো লাইন, এবং গ্রিন লাইনের এসপ্ল্যানেড থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত অংশে। এর ফলে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম— শহরের প্রায় সব প্রান্তেই মেট্রোয় যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ৬ দিনে মেট্রোর বহন ক্ষমতা থাকবে প্রায় ৯০.৬৩ লক্ষ যাত্রী। গত বছর পুজোয় যাত্রী সংখ্যা ছিল ৪১.১৫ লক্ষ। অর্থাৎ এ বছর প্রায় ১২০% বেশি যাত্রী বহনের মতো প্রস্তুতি নিয়েছে মেট্রো রেল।
সম্প্রতি চালু হওয়া নতুন স্মার্ট কার্ড প্রকল্পে যাত্রীদের বিপুল সাড়া মিলেছে। ১০ বছরের মেয়াদী এই কার্ড মিলছে সাশ্রয়ী দামে। মেট্রো কর্তৃপক্ষের পরামর্শ, বুকিং কাউন্টারে ভিড় এড়াতে সাধারণ স্মার্ট কার্ড বা ট্যুরিস্ট স্মার্ট কার্ড ব্যবহার করুক যাত্রীরা। একই সঙ্গে ‘আমার কলকাতা মেট্রো’ অ্যাপ থেকে আগাম টিকিট বুক করে রাখা যাবে।
শহরবাসী এবং পুজো উপলক্ষে কলকাতায় আসা পর্যটকদের শুভ দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছে মেট্রো রেলওয়ে।