মেট্রো রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, রেলওয়ে স্টেশনের মতোই এই বোর্ডের উদ্দেশ্য যাত্রীদের সচেতন করা। পুজোর মরশুমে যাত্রীর সংখ্যা বাড়ায় মেট্রো রেল কর্তৃপক্ষ চাইছে যাতে ভিড়েও নিরাপত্তা বজায় থাকে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 September 2025 15:35
দ্য ওয়াল ব্যুরো: দুর্গা পুজোর আগে থেকেই কলকাতায় উৎসবের আমেজ স্পষ্ট। শহরের অন্যতম প্রধান গণপরিবহণ ব্যবস্থা মেট্রো রেলে (Kolkata Metro Rail Service) যাত্রীসংখ্যা দিন দিন বেড়ে চলেছে। ফলে পুজোর দিনগুলিতে ভিড় নিয়ন্ত্রণে রাখতে এবং পরিষেবা নির্বিঘ্ন করতে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নতুন কিছু নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকা বোর্ড আকারে প্রতিটি মেট্রো স্টেশনে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বোর্ডগুলি বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় লেখা, যাতে সব যাত্রী সহজে বুঝতে পারেন।
নতুন নিয়ম অনুযায়ী (Metro New Rules), টিকিট কাউন্টার ও গেটের সামনে ভিড় না করে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়ানোর অনুরোধ করা হয়েছে। যাত্রীদের মালপত্রের ওজন ১৫ কেজির মধ্যে সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য পথ ছেড়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
এসকেলেটর বা চলমান সিঁড়ির ব্যবহার নিয়ে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। যাত্রীদের বাম দিকে দাঁড়ানো এবং ডান দিক দিয়ে হাঁটার নিয়ম মানতে বলা হয়েছে। এসকেলেটর থেকে নামার সঙ্গে সঙ্গে সরতে হবে যাতে পিছনের যাত্রীরা সহজে নামতে পারেন। মেট্রো চত্বরে মদ্যপ অবস্থায় আসা বা অশালীন আচরণ থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
মেট্রো রেলের এক কর্মকর্তা জানিয়েছেন, রেলওয়ে স্টেশনের মতোই এই বোর্ডের উদ্দেশ্য যাত্রীদের সচেতন করা। পুজোর মরশুমে যাত্রীর সংখ্যা বাড়ায় মেট্রো রেল কর্তৃপক্ষ চাইছে যাতে ভিড়েও নিরাপত্তা বজায় থাকে।
যাত্রী সংখ্যায় মেট্রো রেল (Kolkata Metro) ইতিমধ্যেই রেকর্ড ছুঁয়েছে। অগস্টের শেষ সপ্তাহে মোট ৪৯.১৮ লক্ষ যাত্রী মেট্রোতে যাতায়াত করেছেন। কর্তৃপক্ষের আশা, শীঘ্রই এই সংখ্যা ৫০ লক্ষ ছাড়াবে। সেপ্টেম্বরের প্রথম ছ’দিন গড়ে প্রতিদিন ৭.৪৯ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করেছেন। এর মধ্যে ১ সেপ্টেম্বর যাত্রীসংখ্যা ছিল ৮.০৭ লক্ষ, ৪ সেপ্টেম্বর ৭.৮৬ লক্ষ এবং ৬ সেপ্টেম্বর ৭.১৩ লক্ষ। গ্রিন লাইনে ১ ও ৪ সেপ্টেম্বর দুই দিনেই ২ লক্ষের বেশি যাত্রী ভ্রমণ করেছেন।