শনিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা বলেছিলেন, কসবা কাণ্ডের তদন্তে তিনি সিবিআই চান না!

ফাইল ছবি
শেষ আপডেট: 28 June 2025 18:48
দ্য ওয়াল ব্যুরো: কসবা কাণ্ড (Kasba Law College Incident) ঘিরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহে রাজ্য বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। বলা ভাল, তিনি ওই মন্তব্য করে দলেরই অস্বস্তি বাড়িয়েছেন। কসবা কাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি আরজি কর (RG Kar Case) প্রসঙ্গ টেনে আনেন। বলেন, সিবিআই (CBI) সেই ঘটনার তদন্তে সফল নয়! অগ্নিমিত্রার এই কথাকেই এখন হাতিয়ার করেছে তৃণমূল কংগ্রেস (TMC)।
শনিবার বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা বলেছিলেন, কসবা কাণ্ডের তদন্তে তিনি সিবিআই চান না! কারণ তিনি মনে করেন, আরজি করের তদন্তে সিবিআই সফল হয়নি। তাই চান, রাজ্যে পুলিশ (WBP) আছে, যার বেতন হয় তাঁদের করের টাকায়, তারাই তদন্ত করুক। বিধায়কের এই মন্তব্যকে হাতিয়ার করে পাল্টা চাপ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল।
সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রার আরও বক্তব্য ছিল, “আমরা সব সময় কেন সিবিআই চাইব? পুলিশ কি শুধু তোলাবাজি করবে? সিন্ডিকেট চালাবে? পুলিশ যদি আমাদের করের টাকায় মাইনে পায়, তবে তদন্তের দায়িত্বও নিতে হবে। দোষীদের খুঁজে বের করতে হবে।”
শনিবারই অগ্নিমিত্রা পলের বক্তব্যের ওই অংশ তুলে ধরে সমাজমাধ্যমে পোস্ট করেছে তৃণমূল। দাবি, বিজেপি নিজেই এখন রাজ্য পুলিশের উপর আস্থা রাখছে। অগ্নিমিত্রার বক্তব্য তুলে ধরে লেখা হয়েছে, “তিনি এখন মহিলাদের নিরাপত্তা রক্ষায় রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের উপরে আস্থা রাখছেন।” স্বাভাবিকভাবে এই ইস্যুতে অস্বস্তি এড়াতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বলেছেন, “এটা দলগত অবস্থান নয়। এটা ওঁর ব্যক্তিগত মত।”
রাজনৈতিক মহলের একাংশের মতে, রাজ্য পুলিশের ভূমিকায় যখন তৃণমূলের বিরুদ্ধে লাগাতার অভিযোগ তুলে এসেছে বিজেপি, তখন দলের এক শীর্ষ নেত্রীর প্রকাশ্যে এই মন্তব্য বিজেপির অবস্থানকে দুর্বল করে দিতে পারে।