রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'ভাইপো গ্যাং'-এর যে তালিকা দিয়েছিলেন তাতেও এই সার্থক বন্দ্যোপাধ্যায় নামটি ছিল।

সার্থক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 July 2025 14:45
দ্য ওয়াল ব্যুরো: কসবা কলেজের গণধর্ষণ কাণ্ডের (Kasba Law College Incident) পর সংবাদ শিরোনামে আসে সার্থক বন্দ্যোপাধ্যায়ের (Sarthak Banerjee) নাম। বিজেপির (BJP) অভিযোগ, কসবাকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রকে আড়াল করতে চেয়েছেন তিনি। শুধু তাই নয়, সার্থকের বিরুদ্ধে বেআইনি সম্পত্তি করার অভিযোগও তোলা হয়েছে। এখানেই শেষ নয়, মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 'ভাইপো গ্যাং'-এর যে তালিকা দিয়েছিলেন তাতেও এই সার্থক বন্দ্যোপাধ্যায় নামটি ছিল। এরপরই আইনি পদক্ষেপ (legal Step) নিলেন তৃণমূল যুব নেতা।
বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা (Defamation Case) করে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন সার্থক বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে তিনি লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে এবং আমার পরিবারের নামে সম্পত্তি সংক্রান্ত ভিত্তিহীন, মিথ্যে এবং কুৎসিত প্রচার চালিয়েছে রাজ্য বিজেপি। এতে শুধু আমার ব্যক্তিগত সম্মানহানিই হয়নি, সামাজিক মর্যাদাও ক্ষুণ্ন হয়েছে।' সার্থক স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে সমস্ত কুরুচিকর ও মিথ্যে পোস্ট না সরালে ১০ দিনের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বিজেপিকে ১ কোটি টাকা দিতে হবে তাঁকে।
১ কোটি টাকা শুধু যে তাঁকে দিতে হবে, এমন দাবি করেননি সার্থক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন, এই টাকা সরাসরি তাঁকে না-ও দিতে পারে বিজেপি। বরং জনকল্যাণমূলক নানা খাতে অনুদান হিসেবেও দিতে পারে তারা। কোন কোন খাতে কত টাকা দাবি করেছেন সার্থক তাও বিস্তারিত জানিয়েছেন।
কোন খাতে কত টাকা
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল - ৪০ লক্ষ
যোগমায়া দেবী কলেজের গ্রন্থাগার-ল্যাবরেটরি উন্নয়ন - ৫ লক্ষ
কলকাতা পুরসভার কুকুর টিকাকরণ প্রকল্প - ১০ লক্ষ
আলিয়া বিশ্ববিদ্যালয়ের গরিব মেধাবী পড়ুয়াদের বৃত্তি তহবিল - ৫ লক্ষ
আলিপুর পুলিশ কোর্ট ভবনের পরিকাঠামো উন্নয়ন - ১০ লক্ষ
কলকাতা জেলার সর্বশিক্ষা মিশনের অধীনে রেডলাইট এলাকার শিশুদের শিক্ষা - ৫ লক্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসাতে - ৫ লক্ষ
টেবল টেনিসে এশিয়ান ইউ-১৫ চ্যাম্পিয়ন দিব্যাংশী ভৌমিকের প্রশিক্ষণ উন্নয়ন - ৫ লক্ষ
নবান্ন অভিযানে আহত এবং দৃষ্টিশক্তি হারানো সার্জেন্ট দেবাশিস চক্রবর্তীর পরিবারকে - ৫ লক্ষ
যাদবপুরে র্যাগিংয়ে নিহত স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের জন্য - ৫ লক্ষ
কোচবিহারে বিজেপি বিধায়কের ছেলের গুলিতে নিহত তৃণমূল কর্মী রাজু দে-র পরিবারের জন্য - ৫ লক্ষ
বিজেপি দাবি করেছে, সার্থক বন্দ্যোপাধ্যায় শুধু দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নন, আশুতোষ কলেজের হেড ক্লার্ক। আর একজন হেডক্লার্কের এত বিপুল সম্পত্তি থাকা স্বাভাবিক নয়। গেরুয়া শিবির জানিয়েছে, কালীঘাটে একাধিক সম্পত্তি তো বটেই কলকাতার বিভিন্ন জায়গায় ফ্ল্যাট রয়েছে সার্থকের। তাছাড়া দামি গাড়ি তো আছেই।
সার্থক অবশ্য বিজেপির বিরুদ্ধে মানহানির মামলা করে বলছেন - এভাবে দমিয়ে রাখা যাবে না, ভয় দেখিয়েও থামানো যাবে না।