স্থানীয় সূত্রে খবর, সন্তুর উপর হামলা চালায় তৃণমূলেরই এক যুব নেতা রাহুল ঝা এবং তাঁর অনুগামীরা। রড, কাচের বোতল ও ইট দিয়ে সন্তুকে পেটানো হয় বলে অভিযোগ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 2 July 2025 15:14
দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের দলীয় কোন্দলের (TMC Clash) জেরে ফের উত্তপ্ত কলকাতা (Kolkata)। বড়তলা থানার অন্তর্গত বিডন স্ট্রিট সংলগ্ন এলাকায় যুব তৃণমূলের দুই গোষ্ঠীর (TMCP Youth Leaders) মধ্যে সংঘর্ষ ঘিরে চাঞ্চল্য ছড়াল। গোষ্ঠী দ্বন্দ্বের জেরে যুব তৃণমূল কর্মী সন্তু হালদারকে খুনের চেষ্টার অভিযোগ উঠল।
স্থানীয় সূত্রে খবর, সন্তুর উপর হামলা চালায় তৃণমূলেরই এক যুব নেতা রাহুল ঝা এবং তাঁর অনুগামীরা। রড, কাচের বোতল ও ইট দিয়ে সন্তুকে পেটানো হয় বলে অভিযোগ। রাস্তাতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মুখ ও মাথায় গুরুতর আঘাত লেগেছে সন্তুর। মোট ৩৯টি সেলাই পড়েছে বলে খবর।
সন্তু যুব তৃণমূলের এক গোষ্ঠীর হয়ে কাজ করতেন, অন্যদিকে রাহুল ঝা রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত বলে স্থানীয়দের একাংশের দাবি। দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে রাজনৈতিক বিবাদ চলছিল। সেই বিবাদের জেরেই মঙ্গলবার সন্ধেয় এই হামলা বলে মনে করা হচ্ছে।
ঘটনার পর বড়তলা থানায় রাহুল ঝা-সহ একাধিক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এখনও পর্যন্ত এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীকোন্দল নতুন নয়। শীর্ষ নেতৃত্ব বারবার সতর্ক করলেও দলীয় কোন্দলের ছবি ফের সামনে এল বিডন স্ট্রিট কাণ্ডে। বিশ্লেষকদের মতে, এই ঘটনা ফের প্রমাণ করে, ঘরোয়া সংঘাত থামছে না শাসক শিবিরে।