কলকাতা পুলিশের তরফে বারবার নাগরিকদের সতর্ক করা হচ্ছে, অনলাইন আলাপ বা ডেটিং অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করার আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

প্রতীকী ছবি।
শেষ আপডেট: 29 July 2025 19:57
দ্য ওয়াল ব্যুরো: ডেটিং অ্যাপে ফাঁদ! ঘনিষ্ঠ মুহূর্তে ছবি তুলে ব্ল্যাকমেল। টাকা না দিলে ভাইরালের হুমকি। শেষমেশ এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনাস্থল বালিগঞ্জ। অভিযোগ পেয়ে তদন্তে নেমে একে একে তিন যুবককে গ্রেফতার করল কলকাতা পুলিশ।
ঘটনার সূত্রপাত চলতি মাসের শুরুতে। পুলিশ সূত্রের খবর, এক তরুণ বালিগঞ্জ থানায় অভিযোগ করেন, ‘বিজয় সিং’ নামে এক যুবকের সঙ্গে তাঁর সমকামী ডেটিং অ্যাপে পরিচয় হয়। সেখান থেকেই কথাবার্তা শুরু। এরপর বিজয় তাঁকে দেখা করতে ডাকেন বালিগঞ্জের সার্কুলার রোডের একটি আবাসনে।
অভিযোগ, সেখানে দেখা হলে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। ঠিক সেই সময় আচমকা ঘরে ঢুকে পড়ে আরও দুই যুবক। অভিযুক্তেরা ওই তরুণের আপত্তিকর ছবি তুলতে শুরু করে। তরুণ বাধা দিলে শুরু হয় মারধর। এরপর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তাঁর মোবাইল থেকে ইউপিআই-এর মাধ্যমে আদায় করে নেওয়া হয় ১ লক্ষ টাকা।
প্রতারিত তরুণ এরপর থানায় লিখিত অভিযোগ করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে বিজয় সিং নামে যুবককে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ মহম্মদ ওয়াজিদ ও ইরফান ইয়াসিন নামে আরও দুই অভিযুক্তকেও পাকড়াও করে। তিনজনকেই সোমবার রাতে গ্রেফতার করা হয়।
তদন্তকারীরা মনে করছেন, এই তিন যুবক কোনও সুপরিকল্পিত প্রতারণা চক্রের অংশ। কারণ, কিছু দিন আগেই পাটুলির এক তরুণ একই ধরনের ঘটনার শিকার হন বলে অভিযোগ। ওই মামলার সঙ্গেও এই ঘটনার যোগসূত্র থাকতে পারে বলে প্রাথমিক অনুমান পুলিশের। দুই ঘটনার তদন্ত একত্র করে দেখা হচ্ছে।
এক সিনিয়র পুলিশ অফিসার জানান, “এই ধরনের ঘটনায় একটা সুসংগঠিত চক্র কাজ করছে কি না, সেটা আমরা খতিয়ে দেখছি। প্রয়োজনে সাইবার শাখার সাহায্যও নেওয়া হবে।”
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তি যত এগোচ্ছে, ততই বাড়ছে সাইবার অপরাধের আশঙ্কা। বিশেষ করে সম্পর্কের আড়ালে ব্ল্যাকমেল বা ব্যক্তিগত মুহূর্ত ফাঁসের ভয় দেখিয়ে প্রতারণা এখন নিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কলকাতা পুলিশের তরফে বারবার নাগরিকদের সতর্ক করা হচ্ছে, অনলাইন আলাপ বা ডেটিং অ্যাপের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করার আগে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন। অচেনা জায়গায় একা গিয়ে দেখা করা বা ব্যক্তিগত ছবি পাঠানো থেকে বিরত থাকাই বুদ্ধিমানের।