পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যে ২২১টি জায়গায় মেরামতির কাজ শেষ হয়েছে। তবে সমস্যা বৃষ্টিতে। কোথাও বিটুমিনের প্রলেপ দেওয়া হলেও টানা বৃষ্টির ফলে তা উঠে যাচ্ছে। কোথাও বা প্যাচওয়ার্ক করা রাস্তা ফের খানাখন্দে পরিণত হচ্ছে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 29 July 2025 18:37
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে সময়ের আগেই বাঙালির বড় উৎসব (Durga Puja 2025)। এবারে দুর্গাপুজোর ষষ্ঠী ২৮ সেপ্টেম্বর। অর্থাৎ হাতে আর সময় নেই বললেই চলে। তাই উৎসবকে কেন্দ্র করে এখন থেকেই শহরের পথঘাট (436 Road Damage, KMC ) খানাখন্দমুক্ত রাখার কাজে কোমর বেঁধে নেমে পড়ল কলকাতা পুরসভা।
সূত্রের খবর, প্রতিবারের মতো এবারও কলকাতা শহরের রাস্তাঘাট সংস্কারে শহরের ৪৩৬টি ‘স্পট' চিহ্নিত করেছে লালবাজার (Kolkata Police)। লালবাজারের তরফে ওই চিহ্নিত এলাকার তালিকা ইতিমধ্যে পুরসভার হাতে তুলে দিয়ে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্পটগুলি ভাল করে মেরামতির প্রয়োজন রয়েছে।
পুরসভা সূত্রের খবর, ইতিমধ্যে ২২১টি জায়গায় মেরামতির কাজ শেষ হয়েছে। তবে সমস্যা বৃষ্টিতে। কোথাও বিটুমিনের প্রলেপ দেওয়া হলেও টানা বৃষ্টির ফলে তা উঠে যাচ্ছে। কোথাও বা প্যাচওয়ার্ক করা রাস্তা ফের খানাখন্দে পরিণত হচ্ছে।
পুরসভার সড়ক বিভাগের এক কর্তা জানাচ্ছেন, "আমাদের মোবাইল মেরামত ভ্যান দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছে। লালবাজারের তালিকা অনুযায়ী যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করছি। তবে আবহাওয়া বাধা হয়ে দাঁড়াচ্ছে।"
প্রসঙ্গত, গতবছর থেকেই সিদ্ধান্ত হয়েছে, মাসে দু'বার লালবাজারের ট্র্যাফিক বিভাগ খারাপ রাস্তার তালিকা তৈরি করে তা পাঠাবে পুরসভায়। সেই মতো ১৫ জুলাই দেওয়া হয়েছিল ৪৩৬টি স্পটের রিপোর্ট।
পুরসভা আশাবাদী, পুজোর আগে যদি কয়েকদিন রোদ পাওয়া যায়, তাহলে আবার একদফা রাস্তা সারানোর কাজ হবে। সেক্ষেত্রে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি খানাখন্দমুক্ত করা সম্ভব হবে।