সম্প্রতি কলকাতার কসবা এলাকা থেকে তিন যুবককে ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যোগ সন্দেহে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ - এমন খবর ছড়িয়েছিল।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 June 2025 13:11
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি কলকাতার কসবা (Kasba, Kolkata) এলাকা থেকে তিন যুবককে ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে যোগ সন্দেহে গ্রেফতার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ (NIA) - এমন খবর ছড়িয়েছিল। কিন্তু কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে বুধবার স্পষ্ট করে জানান হল, এমন কোনও ঘটনাই ঘটেনি!
কলকাতা পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি পোস্ট করা হয়েছে। সেখানে তাঁরা স্পষ্ট জানিয়েছে, আইএস যোগ সন্দেহে আইটি কর্মী পরিচয় দিয়ে কসবায় লুকিয়ে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়েছে এই খবর সম্পূর্ণ ভুয়ো। এমন কোনও গ্রেফতারি এনআইএ করেনি, এমন কোনও গ্রেফতারির খবরও তাঁদের কাছে নেই। তাই এইভাবে যাতে ভুল খবর না ছড়ানো হয়, সেই আর্জি জানিয়েছে পুলিশ।
ভবিষ্যতে এমন ভুয়ো খবর ছড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে কলকাতা পুলিশ। তাঁদের সাফ কথা, শুধুমাত্র অশান্তকর পরিস্থিতি সৃষ্টি করার জন্য এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরির জন্য এমন খবর ছড়ানো হচ্ছে। তাই আমজনতাকে অনুরোধ করা হয়েছে, তথ্য যাচাই করেই যাতে খবরে বিশ্বাস করা হয়।
🚫 Fake News Alert 🚫
A completely false and malicious claim is being circulated on social media, alleging that three ISIS-linked terrorists disguised as IT workers have been arrested from Kasba, Kolkata by the NIA.
🔴 𝐓𝐡𝐢𝐬 𝐢𝐬 𝐞𝐧𝐭𝐢𝐫𝐞𝐥𝐲 𝐮𝐧𝐭𝐫𝐮𝐞. 𝐍𝐨 𝐬𝐮𝐜𝐡…— Kolkata Police (@KolkataPolice) June 25, 2025
যে খবর ছড়িয়েছিল তাতে দাবি করা হয়েছিল, আইএস-এর কিছু লিঙ্কম্যান কলকাতায় আত্মগোপন করে রয়েছে। কসবা থেকে সিরিয়া পর্যন্ত সরাসরি যোগাযোগ রাখা হচ্ছিল। ধৃতদের ল্যাপটপে মিলেছে একাধিক সন্দেহজনক নথি। কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাঁদের গ্রেফতার করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করা হয়। কিন্তু কলকাতা পুলিশ স্পষ্ট করে জানাল, পুরো তথ্যই ভুল। কোনও গ্রেফতারিই হয়নি।