পরিবহণ দফতর সূত্রে খবর, বাস-মিনিবাসের কয়েক হাজার গাড়ি মেলার কাজে যুক্ত হয়ে পড়ায় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার বিভিন্ন রুটে যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 12 January 2026 13:37
দ্য ওয়াল ব্যুরো: গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে (Thousands of buses on Gangesagar fair-duty) ব্যস্ত হয়ে পড়ছে গণপরিবহণের বড় অংশ। তার জেরেই সোমবার থেকে কলকাতা ও সংলগ্ন মহানগরীর বিস্তীর্ণ এলাকায় (frowned upon Kolkata and adjoining areas) সরকারি ও বেসরকারি বাস পরিষেবা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
পরিবহণ দফতর সূত্রে খবর, বাস-মিনিবাসের কয়েক হাজার গাড়ি মেলার কাজে যুক্ত হয়ে পড়ায় দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতার বিভিন্ন রুটে যাত্রীদের সমস্যায় পড়তে হতে পারে।
বিশেষ করে সকালের ও সন্ধ্যার ব্যস্ত সময়ে বাসের সংখ্যা কমে গেলে নিত্যযাত্রীদের ভোগান্তি বাড়বে বলেই আশঙ্কা। অফিসযাত্রী, স্কুল-কলেজের পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলকেই বিকল্প যানবাহনের উপর বেশি নির্ভর করতে হতে পারে। ফলে রাস্তায় চাপ বাড়ার পাশাপাশি অটো, ট্যাক্সি ও অন্যান্য পরিবহণে ভিড়ও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
তবে পরিস্থিতি সামাল দিতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে রাজ্য পরিবহণ দফতর। সরকারি বাসের ঘাটতি মেটাতে বিভিন্ন ডিপোয় দীর্ঘদিন ধরে পড়ে থাকা বহু বাসকে প্রাথমিক মেরামতির পর রাস্তায় নামানো হয়েছে। প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ রুটগুলিতে অতিরিক্ত বাস চালানোরও পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বেসরকারি বাস মালিকদেরও বসে থাকা বা অচল গাড়িগুলি দ্রুত সারিয়ে রাস্তায় নামানোর অনুরোধ জানিয়েছে দফতর।
পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, “গঙ্গাসাগর মেলার জন্য বিপুল সংখ্যক বাস সরাতে হচ্ছে। তবু যাতে নিত্যযাত্রীদের অসুবিধা কম হয়, তার জন্য সব রকম বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এই বিকল্প উদ্যোগগুলি সফল হলে সাধারণ যাত্রীদের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে আশাবাদী প্রশাসন।