আজ, শুক্রবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে শিয়ালদহ চত্বরে। চাকরিহারা শিক্ষকদের একাংশ অর্ধনগ্ন অবস্থায় পথে নামার ডাক দিয়েছেন।
.jpeg.webp)
চাকরিহারাদের ধরপাকড় পুলিশের
শেষ আপডেট: 30 May 2025 12:10
দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার সকাল থেকেই উত্তেজনা শিয়ালদহ চত্বরে (Sealdah)। চাকরিহারা শিক্ষকদের (SSc Job Deprived Teachers) একাংশ অর্ধনগ্ন হয়ে মিছিলের ডাক দিয়েছেন। সকাল ১১টা নাগাদ শিয়ালদহ থেকে মিছিল শুরু হওয়ার কথা। যাওয়ার কথা নবান্ন। কিন্তু তার আগেই বেশ কয়েকজন চাকরিহারাদের আটক করল পুলিশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিয়ালদহ দক্ষিণশাখা থেকে ৬ জনকে আটক করা হয়েছে। যাঁদের মধ্যে রয়েছেন মহিলারাও। তবে যা পরিস্থিতি, তাতে সেই সংখ্যা আরও বাড়তে পারে।
প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। সকাল থেকেই শিয়ালদহে দেখা গেছে কড়া পুলিশি নজরদারি। চার ডিভিশনের ডিসি-সহ বিপুল সংখ্যক পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে গোটা এলাকা জুড়ে।
পুলিশ সূত্রে খবর, শিয়ালদহ চত্বরেই মিছিল আটকে দেওয়া হবে। মাইকিং করা হচ্ছে, 'জমায়েতে অনুমতি নেই, কেউ জমায়েত করবেন না'। কেউ জমায়েত করলে ব্যবস্থা নেওয়া হবে।' যদিও নিজেদের সিদ্ধান্ত থেকে এক চুলও নড়তে নারাজ আন্দোলনকারীরা।
শিয়ালহ উত্তর শাখার ডিসি গৌরব লাল বলেন, 'কালকে আমরা খবর পেয়েছিলাম এখানে একটা জমায়েত হতে পারে। আমরা অনুমতি দিইনি। কিছুজনকে গ্রেফতার করা হয়েছে। কত জন সেটা পরে জানিয়ে দেওয়া হবে।’
বস্তুত, রাজ্য সরকারের (WB Government) দুর্নীতি, স্কুল সার্ভিস কমিশন (SSC), পর্ষদের দুর্নীতি রাজ্যের শিক্ষাব্যবস্থা তথা 'যোগ্য' শিক্ষকদের নগ্ন করে দিয়েছে। আর তারই প্রতিবাদে এদিন শিয়ালদহ থেকে নবান্ন 'অর্ধনগ্ন মিছিল' করবেন বলে জানান চাকরিহারারা (SSC Job Deprived Teachers)। আন্দোলনকারী শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের তরফে চিন্ময় মণ্ডল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে তাঁদের সিদ্ধান্তের কথা জানান।
অন্দোলনকারীদের বক্তব্য, এমন অনেক শিক্ষক-শিক্ষিকারা আছেন যাঁরা অসুস্থ, অন্তঃসত্ত্বা, তাঁরা নতুন করে কী করে পরীক্ষায় বসবেন? আর পরীক্ষার কথা শুধু যোগ্যদেরই কেন বলা হচ্ছে, কেন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর থেকে প্রথমে বরাভয় দিলেও এখন অযোগ্যদের অন্য দফতরে কাজের সুযোগ করে দেওয়ার কথা বলছেন? এহেন যাবতীয় বিষয় নিয়েই শুক্রে অর্ধনগ্ন মিছিল করতে চলেছেন চাকরিহারারা।