তসলিমা নাসরিন নিজের পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। স্মৃতিচারণ করে বলেন, ২০০০ সালে তাঁর একটি বইয়ের মারাঠি অনুবাদের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি মুম্বই যাচ্ছিলেন।

জাভেদ আখতার এবং তসলিমা নাসরিন
শেষ আপডেট: 5 September 2025 15:45
দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গ উর্দু অ্যাকাডেমির (West Bengal Urdu Academy) অনুষ্ঠানে কবি, গীতিকার, চিত্রনাট্যকার জাভেদ আখতারের (Javed Akhtar) প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল। তবে ইসলামি কট্টরপন্থীদের প্রবল বিরোধিতায় সেই অনুষ্ঠানটি বাতিল হয়েছে। এই ঘটনায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen) কড়া ভাষায় পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনা করে বলেছেন, আজ জাভেদ আখতারের জন্য কোনও জাভেদ আখতার নেই।
উর্দু অ্যাকাডেমি ৩১ অগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত 'উর্দু ইন হিন্দি সিনেমা' শীর্ষক একটি সাহিত্য উৎসবের আয়োজন করেছিল। এই উৎসবে ১ সেপ্টেম্বর জাভেদ আখতারের প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার অংশগ্রহণের খবর সামনে আসতেই একাধিক ইসলামিক সংগঠন, যেমন জমিয়ত উলেমা-ই-হিন্দ এবং ওয়াহিয়াহিন ফাউন্ডেশন এর বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, জাভেদ আখতার 'ধর্ম এবং ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেন।' তারা হুমকি দেয় যে, যদি তার আমন্ত্রণ বাতিল না করা হয়, তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। এই চাপের মুখে উর্দু অ্যাকাডেমি 'অনিবার্য কারণবশত' উৎসবটি স্থগিত রাখার ঘোষণা করে।
এই প্রসঙ্গে তসলিমা নাসরিন নিজের পুরনো অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। স্মৃতিচারণ করে বলেন, ২০০০ সালে তাঁর একটি বইয়ের মারাঠি অনুবাদের প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি মুম্বই যাচ্ছিলেন। সেই সময়ে মুসলিম মৌলবাদীরা হুমকি দেয় যে, তিনি মুম্বইয়ে পা রাখলে বিমানবন্দর জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু জাভেদ আখতার, শাবানা আজমি, মহেশ ভাট এবং প্রকাশক অশোক সাহানি তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। জাভেদ আখতারের হস্তক্ষেপেই সে সময়ে সরকার তাঁকে কড়া নিরাপত্তা দিয়েছিল এবং ১৪৪ ধারা জারি করা হয়েছিল। সেই দিনের কথা স্মরণ করে তসলিমা বলেন, "সেদিন মৌলবাদীরা বুঝেছিল যে একটি গণতান্ত্রিক দেশে মুক্ত মতপ্রকাশের বিরুদ্ধে ধর্মীয় হিংসা সফল হতে পারে না।"
তসলিমা নাসরিনের আক্ষেপ, আজ জাভেদ আখতারের জন্য একজন জাভেদ আখতারও নেই। তাঁর মন্তব্য, "আজ কলকাতায় মুক্ত মত প্রকাশ, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্রের পক্ষে উচ্চস্বরে কথা বলার মতো কেউ নেই। আমাকে যখন কলকাতা থেকে জোর করে বের করে দেওয়া হয়েছিল, তখনও তাদের ঠোঁট বন্ধ ছিল, আর এখন জাভেদ আখতারকে শহরে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে, তখনও তাদের ঠোঁট বন্ধই রয়েছে।"
এই বিতর্কের বিষয়ে জাভেদ আখতার নিজেও মুখ খুলেছেন। তিনি বলেন, "আমি আজীবন আমার বিশ্বাস এবং মত প্রকাশের জন্য এই ধরনের প্রতিরোধের মুখোমুখি হয়েছি। আমি একজন নাস্তিক। এটা আমার কাছে নতুন কিছু নয়। হিন্দু এবং মুসলিম উভয় মৌলবাদী গোষ্ঠীই বলে যে আমি তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছি।" কলকাতায় এমন ঘটনা ঘটায় তিনি অত্যন্ত দুঃখিত, কারণ তিনি কখনও ভাবেননি যে এই শহর এমন কঠোর প্রতিক্রিয়া দেখাবে। তবে তিনি এও বলেন, "দাগ তো চাঁদ মেঁ ভি হ্যায়।"