গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Kolkata High Court Chief justice) হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে।

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল
শেষ আপডেট: 12 January 2026 13:58
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) স্থায়ী প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল (Sujay Pal)। এতদিন তিনি এই পদে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ করছিলেন। গত ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়ামের বৈঠকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি (Kolkata High Court Chief justice) হিসেবে তাঁর নামেই চূড়ান্ত সিলমোহর পড়ে।
প্রসঙ্গত, প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম (TS Sivagnanam Judge) অবসর নেওয়ার পর থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব সামলাচ্ছিলেন বিচারপতি পাল। তার আগে এই দায়িত্বে ছিলেন বিচারপতি সৌমেন সেন।
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম (TS Sivagnanam Judge) অবসর নিতেই তাঁর স্থানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে আসেন বিচারপতি সৌমেন সেন। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। পরে তাঁকে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করা হলে সেই পদ শূন্য হয়। তাঁর জায়গায় আসেন বিচারপতি সুজয় পাল।
বিচারপতি পালের জন্ম প্রবাসী বাঙালি পরিবারে। ছোটবেলা কেটেছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সেখানেই এল এস ঝা মডেল স্কুলে পড়াশোনা। পরে জব্বলপুরের রানি দুর্গাবতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। আইন বিষয়ে উচ্চশিক্ষা লাভ করে এলএলবি ডিগ্রি পান (LLB)।
দীর্ঘদিন আইনজীবী হিসেবে কাজ করার পর ২০১১ সালে মধ্যপ্রদেশ হাইকোর্টের জব্বলপুর বেঞ্চে বিচারক হিসেবে নিযুক্ত হন বিচারপতি পাল। পরবর্তীতে তাঁর ছেলে মধ্যপ্রদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে প্র্যাকটিস শুরু করায় তাঁকে তেলঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়। চলতি বছরের ২৬ মে, বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি সুজয় পালকে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) বদলির সুপারিশ করে।
অবশেষে সেই সূত্র ধরেই কলকাতা হাইকোর্টের শীর্ষ পদে স্থায়ীভাবে দায়িত্ব পেলেন বিচারপতি সুজয় পাল।