
শেষ আপডেট: 27 August 2024 13:48
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে হাওড়া স্টেশনে স্বেচ্ছাসেবকদের খাবার দিচ্ছিলেন। তারপর থেকেই আর খোঁজ মিলছিল না চার ছাত্রের। বিষয়টি জানিয়ে মঙ্গলবার সকালে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। তারপরেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।
ছাত্রসমাজের নবান্ন অভিযান ঘিরে মঙ্গলবার সকাল থেকেই প্রশাসনিক মহলে জোরদার তৎপরতা। তারমধ্যে এদিন সকালে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স-হ্যান্ডেলে অভিযোগ করেন, হাওড়া স্টেশনে নিখোঁজ হয়ে গিয়েছেন চার ছাত্র। তাঁদের নাম শুভজিৎ ঘোষ, পুলকেশ পণ্ডিত, গৌতম সেনাপতি ও প্রীতম সরকার। রাতে হাওড়া স্টেশনে স্বেচ্ছাসেবকদের খাবার বিলি করছিলেন তাঁরা। মাঝরাতে আচমকাই তাঁরা নিখোঁজ হয়ে যান।
মঙ্গলবার সকালে এক্স-হ্যান্ডেলে কড়া সমালোচনা করে শুভেন্দু অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এই ছাত্রদের কিডন্যাপ করেছে। এর বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ মামলা দায়েরের অনুমতি দেন। তার আগে হাওড়ার গোলাবাড়ি থানাতেও অভিযোগ দায়ের করে বিজেপি।
বিরোধী দলনেতা হাইকোর্টে যাওয়ার কিছু পরেই পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কাতেই ওই চার ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের পরিবারকেও এই গ্রেফতারির খবর জানিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, এক রাজনৈতিক নেতা টুইট করে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করেছেন। সত্যিটা হল, কেউ নিখোঁজ নন। ওই চার জন নবান্ন অভিযানে ব্যাপক হিংসা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন, এমন অকাট্য প্রমাণ রয়েছে তাঁদের হাতে। খুন ও খুনের চেষ্টার চক্রান্ত করছিলেন ওঁরা। ওই চার ছাত্রের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের করেছেন তাঁরা।