আসন্ন ভোটের আগে পরপর এমন ঘটনা চিন্তা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। স্বাভাবিকভাবেই বলা যায়, নিরাপত্তা নিয়েও শঙ্কিত সাধারণ মানুষ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 5 September 2025 14:39
দ্য ওয়াল ব্যুরো: রহড়ার (Rahara) ফ্ল্যাটে বিপুল কার্তুজ উদ্ধারের তদন্তে বড় সাফল্য পেল বেঙ্গল এসটিএফ (Kolkata Police STF)। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে কলকাতার বিবাদি বাগের শতাব্দী প্রাচীন বন্দুক দোকানের (Firearms Shop) তিন মালিককে গ্রেফতার (Arrest) করা হয়েছে। ধৃতরা হলেন সুবীর দাঁ, অভির দাঁ এবং সুব্রত দাঁ। পুলিশের হাতে এসেছে দো-নলা ও এক-নলা মিলিয়ে মোট ৪১টি আগ্নেয়াস্ত্র। আপাতত সিল করে দেওয়া হয়েছে দোকানটি।
এসটিএফ (STF) সূত্রে খবর, তিন মালিককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। তদন্তকারীরা জানতে চান, কেন বারবার বৈধ লাইসেন্সপ্রাপ্ত এই দোকানের নাম অবৈধ অস্ত্র পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে। এর আগেও অস্ত্র উদ্ধারের ঘটনায় এই প্রতিষ্ঠানের যোগসূত্র সামনে এসেছিল।
তদন্তকারীরা জানান, অগস্ট মাসে খড়দহ পুরসভার রিজেন্ট পার্ক এলাকার একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়। শুরুতে রহড়া থানার পুলিশ তদন্ত করলেও পরে দায়িত্ব এসটিএফের হাতে যায়। সেখানেই উঠে আসে বিবাদী বাগের এই নামী দোকানের সংযোগ। সেই সূত্র ধরে চলছিল নজরদারি, অবশেষে গ্রেফতার হলেন দোকানের মালিকরা।
শুধু রহড়া নয়, দক্ষিণ ২৪ পরগনার জীবনতলাতেও সম্প্রতি উদ্ধার হয়েছে ১৯৯ রাউন্ড গুলি এবং একটি দো-নলা বন্দুক। সেই মামলায় গ্রেফতার হয়েছিল এই দোকানের একাধিক কর্মচারী। তখন দোকানটি বন্ধ করে দেওয়া হলেও পরে ফের খোলা হয়। কিন্তু বারবার অস্ত্র পাচারের অভিযোগে নাম জড়ানোয় ফের এই দোকান বন্ধ করে দিতে হল।
বিগত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গুলি চলার ঘটনার খবর এসেছে। কোথায় আক্রান্ত হয়েছেন শাসক দলের নেতা-কর্মী, আবার কোথাও ব্যক্তিগত শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। সম্প্রতি মুচিপাড়া এলাকায় (Muchipara) গুলি চলার ঘটনা ঘটেছিল। তারপরই নড়েচড়ে বসেছিল কলকাতা পুলিশ (Kolkata Police)। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে অস্ত্র-সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে তারা।
আসন্ন ভোটের আগে পরপর এমন ঘটনা চিন্তা বাড়াচ্ছে রাজ্য প্রশাসনের। স্বাভাবিকভাবেই বলা যায়, নিরাপত্তা নিয়েও শঙ্কিত সাধারণ মানুষ।