পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুট্টা ভেঙ্কটেশ্বরলু। অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলার পেড্ডাবোয়াপল্লি গ্রামের বাসিন্দা তিনি। সেখানে তাঁর একটি সার বিক্রির দোকান ছিল।

তিন সন্তানকে আগুনে পুড়িয়ে খুন করলেন বাবা
শেষ আপডেট: 5 September 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: স্বামী স্ত্রী ও তিন সন্তানের ছোট সংসার। কিন্তু প্রায়ই অশান্তি লেগেই থাকত। দাম্পত্য কলহের জেরেই মর্মান্তিক পরিণতি তিন শিশুর। রোজের অশান্তি সহ্য করতে না পেরে সন্তানদের গায়ে আগুন লাগিয়ে খুন করলেন জন্মদাতা বাবা। পরে নিজেও আত্মঘাতী হন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম গুট্টা ভেঙ্কটেশ্বরলু। অন্ধ্রপ্রদেশের প্রাকাশম জেলার পেড্ডাবোয়াপল্লি গ্রামের বাসিন্দা তিনি। সেখানে তাঁর একটি সার বিক্রির দোকান ছিল। গত ৩০ অগস্ট স্ত্রী দীপিকার সঙ্গে প্রচণ্ড ঝামেলার পর তিন সন্তানকে নিয়ে পালিয়ে যান।
সিসিটিভিতে দেখা গেছে, গুট্টা তাঁর তিন সন্তানকে বাইকে করে শ্রীশৈলমের দিকে রওনা দেন। তাদের নাম হল, মোক্ষিতা (৮), বর্ষিণী (৬) এবং শিবধর্ম (৪)। পুলিশ জানিয়েছে, ওই রাতেই গুট্টা সুর্যাতাণ্ডার কাছে গিয়ে প্রথমে ছোট দুই সন্তান বর্ষিণী ও শিবধর্মকে আগুনে পুড়িয়ে হত্যা করেন। তারপর বড় মেয়ে মোক্ষিতাকে খুন করেন। ভয়াবহ অপরাধ ঘটানোর পর তিনি আচমপেট থেকে কীটনাশক কিনে সেটি খেয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে, পরে ভেলদাণ্ডা মণ্ডলের বুরাকুন্তায় তাঁর দেহ উদ্ধার করে পুলিশ। এরপর বিভিন্ন এলাকা থেকে শিশুদের দগ্ধ দেহ উদ্ধার হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে দাম্পত্য জীবনে টানাপোড়েন চলছিল। মানসিক অশান্তিই তাঁকে এই ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে অনুমান। ইতিমধ্যে ভেলদাণ্ডা থানায় ভেঙ্কটেশ্বরলুর ভাই মল্লিকার্জুনা রাও অভিযোগ দায়ের করেছেন। মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। শিশুদের ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষার পর বিস্তারিত রিপোর্ট হাতে আসবে।