বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অধিকার মঞ্চের একাংশ।

ফাইল ছবি
শেষ আপডেট: 2 July 2025 21:36
দ্য ওয়াল ব্যুরো: যোগ্যদের তালিকা প্রকাশ-সহ একাধিক দাবির ভিত্তিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন এসএসসির চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান থেকে মিছিল করে নবান্ন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চ। কিন্তু ৬ তারিখ মহরম হওয়ায় এই কদিন কোনওরকম হাওড়া ময়দান বা অন্যত্র কোনও জমায়েতে অনুমতি দিল না কলকাতা পুলিশ। বাধ্য হয়ে ৩ তারিখের বদলে ৮ তারিখ নবান্ন অভিযানে নামবেন আন্দোলনকারীরা।
বুধবার হাওড়া পুলিশ কমিশনার অফিসে আধিকারিকদের সঙ্গে দেখা করতে যান অধিকার মঞ্চের একাংশ। সেখানে দীর্ঘ চার ঘণ্টা বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান। পরিস্থিতি বুঝে নিজেদের সিদ্ধান্তে বদল আনেন।
আন্দোলনকারীদের একজন বলেন, 'আগামীকালের নবান্ন চলো অভিযান নিয়ে আজ হাওড়া পুলিশ কমিশনারের অফিসে আমাদের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ চার ঘন্টা ধরে মিটিং হয়েছে । ৬ তারিখ মহরম হওয়ার কারণে ওঁরা কোনওভাবেই আগামীকাল থেকে হাওড়া ময়দান বা অন্যত্র জমায়েত করে নবান্ন যেতে দিতে রাজি নন। আগামীকাল থেকেই মহরমের জন্য কিছু ধর্মীয় পদযাত্রা হাওড়া ময়দান থেকে হবে এবং নিরাপত্তাজনিত কারণে আমাদের মিছিলের অনুমতি দেননি। বদলে ৮ জুলাই মিছিল করতে বলছেন। সঙ্গে এটাও বলেছেন আগামীকাল যদি সম্ভব হয় আমাদের কয়েকজন প্রতিনিধিকে নবান্নের কোনও উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করানোর চেষ্টা করবেন।'
বৈঠক শেষে সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। জানান, তাঁরা সবদিক ভেবে আগামীকাল অর্থাৎ ৩ জুলাইয়ের কর্মসূচি পরিবর্তন করে আগামী ৮ তারিখ মঙ্গলবার রাখছেন। ওইদিন হাওড়া ময়দান থেকে নবান্ন অভিমুখে যোগ্য গ্রুপ সি ও গ্রুপ ডি অধিকার মঞ্চের মিছিল হবে। তাঁরা নিজেদের অবস্থার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করবেন।