চাকরিহারা শিক্ষকদের (SSC Job Deprived) বিধানসভা অভিযানের (Bidhansabha Abhijaan) মিছিল পুলিশ রানি রাসমণি অ্যাভিনিউতে আটকে দিয়েছে।

সুমন বিশ্বাস
শেষ আপডেট: 16 June 2025 15:55
দ্য ওয়াল ব্যুরো: চাকরিহারা শিক্ষকদের (SSC Job Deprived) বিধানসভা অভিযানের (Bidhansabha Abhijaan) মিছিল পুলিশ রানি রাসমণি অ্যাভিনিউতে আটকে দিয়েছে। পুলিশের সঙ্গে চাকরিহারা শিক্ষকদের দফায় দফায় কথাও হচ্ছে। উত্তেজনার পারদও চড়ছে ধিকিধিকি। পুলিশ জানিয়েছে, পুরো মিছিল বিধানসভায় যেতে দেবে না। কয়েকজনের প্রতিনিধি দল বিধানসভায় গিয়ে তাঁদের স্মারকলিপি জমা দিয়ে আসতে পারেন, এখনও অবধি সেটুক্যুই অনুমতি দেওয়া হয়েছে। এদিকে নাছোড়বান্দা চাকরিহারারা। তাঁদের মুখ্য দাবি, ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর প্রকাশ করতে হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে হবে।
'যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মী অনশন মঞ্চ'-র অন্যতম মুখ সুমন বিশ্বাস (Suman Biswas) জানান, "পুলিশমন্ত্রীকে বলে রাখছি, পুলিশ গুলি চালাবে আমরা বুক পেতে নেব। মুখ্যমন্ত্রীকে বলছি, আলোচনায় বসুন। উনি এখানে আসুন। উনি যদি চোর না হন তাহলে আমাদের সঙ্গে কথা বলুক। আলোচনায় বসুক। বাংলার মা-বোনেদের লাঞ্ছনা, যুবসমাজের লাঞ্ছনা হচ্ছে আমরা চুপ থাকব না। দরকার পড়লে গেট ভেঙে বিধানসভায় ঢুকব। পৃথিবীর কোনও শক্তি ঠেকাতে পারবে না আমাদের।"
তিনি আরও জানান, "পুলিশ পুলিশের কাজ করবে। আমরা আমাদের কাজ করব। কোনও বিকাশভবন বুঝি না। আমরা যখন বলেছি বিধানসভা যাব তো যাবই। যদি কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়, তাহলে তার জন্য এক ও একমাত্র দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ তাঁকে ক্ষমা করবেন না। যোগ্য শিক্ষকদের চাকরি নেই, যদি চাকরি ফিরে না পাওয়া যায়, তাহলে মুখ্যমন্ত্রীকে তাঁর চেয়ার থেকে সরিয়ে দিতে হবে।"
এসএসসি ২০১৬-র প্যানেলে থাকা চাকরিহারাদের একাংশ সোমবার বিধানসভা অভিযানের ডাক দেয়। দুপুর ১টায় সুবোধ মল্লিক স্কোয়্যার থেকে তাঁরা বিধানসভার দিকে মিছিল শুরু করেন। পুলিশ সেই মিছিল রানি রাসমণি অ্যাভিনিউতেই আটকে দেয়।