রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মহেশতলায় (Maheshtala) যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)।
.jpeg.webp)
শুভেন্দু অধিকারী
শেষ আপডেট: 16 June 2025 14:22
দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) মহেশতলায় (Maheshtala) যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। তবে বেঁধে দেওয়া হয়েছে একাধিক শর্ত। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, মহেশতলায় শুভেন্দু অধিকারীর সঙ্গে যেতে পারবেন আরও দু’জন। তবে কোনও মিছিল করা যাবে না। বিতর্কিত মন্তব্যও করা যাবে না। হাইকোর্টের অনুমতির পর মঙ্গলবার ওই এলাকায় যাওয়ার কথা বিরোধী দলনেতার।
সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে শুভেন্দুর আইনজীবী জানান, পুলিশ সুপারের কাছে অনুমতি চাওয়া হলে তা দেয়নি পুলিশ। বলা হয়েছে, সোমবার পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি রয়েছে মহেশতলায়। মঙ্গলবার তা উঠে যাবে। তবুও মক্কেলকে কেন এলাকায় যেতে দেওয়া হচ্ছে না?
রাজ্যের আইনজীবীকে এরপর বিচারপতি প্রশ্ন করেন, যদি আদালত অনুমতি দেয় তাহলে কি কোনও আশঙ্কার কারণ আছে? উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, যেখানেই কোনও অশান্তির ঘটনা ঘটে সেখানেই বিরোধী দলনেতা যেতে চান। কেন?
রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্য়োপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, আদালতকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে, সেটা হতে দেবেন না। উনি খালি প্রচার চান। বিচারপতি দু'পক্ষের সওয়াল-জবাব শুনে বলেন, বিরোধী দলনেতাকেই যদি আটকে দেওয়া হয় তাহলে সাধারণ মানুষের কী হবে?
এরপরই শর্তদিয়ে বিরোধী দলনেতাকে মহেশতলায় যাওয়ার অনুমতি দেন বিচারপতি। মঙ্গলবার সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী।
ঘটনা হল, গত ১১ জুন, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। ওইদিন সকালে আক্রা সন্তোষপুর এলাকায় ফলের দোকান বসানো নিয়ে বিবাদের সূত্রপাত। প্রথমে বচসা। পরে তা হাতাহাতির রূপ নেয়। দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি শুরু হয়। এলাকার বেশ কয়েকটি বাড়ি এবং দোকানও ক্ষতিগ্রস্ত হয়। এমনই অবস্থা তৈরি হয়, পুলিশও আহত হয় দু'পক্ষের হাতাহাতিতে।