
ফাইল ছবি।
শেষ আপডেট: 15 February 2025 10:27
দ্য ওয়াল ব্যুরো: জোকা ইএসআইসি হাসপাতাল চত্বরে একটি ব্যাগ থেকে শুক্রবার মাংসপিণ্ড উদ্ধারকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়েছিল। শনিবার সামনে এল সংশ্লিষ্ট মাংসপিণ্ডর ময়নাতদন্তের রিপোর্ট। তারপরই নতুন করে শোরগোল তৈরি হয়েছে।
পুলিশ সূত্রের খবর, ওই মাংসপিণ্ড গোসাপের। স্বভাবতই, প্রশ্ন উঠছে কে বা কারা হাসপাতাল ক্যাম্পাসে ব্যাগে করে ওই সাপের মাংস রেখে গেল? একই সঙ্গে গোটা ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নজরদারিও।
তবে এব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষর তরফে এখনও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। পুলিশ জানিয়ছে, ঘটনার তদন্ত চলছে। সম্ভাব্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
শুক্রবার সকালে হাসপাতালের বয়েস হস্টেলের পিছন দিকে ওই ব্যাগটি পাওয়া যায়। ব্যাগে মাংসপিণ্ড রয়েছে দেখেই পুলিশে খবর দেওয়া হয়। এবিষয়ে ইএসআইসি হাসপাতালের এক ছাত্র বলেন, 'আমি হস্টেলের ১৩ তলায় থাকি। এক বন্ধু সকালে এসে জানায় বিষয়টা। এটা ক্যান্টিনের পিছন দিক। রোজ প্রচুর মানুষ যাতায়াত করেন এখান থেকে।'
ওই ব্যাগ কীভাবে ক্যান্টিনের পিছন দিকে পৌঁছল? কে ব্যাগটি রাখল? সকলের নজর এড়িয়ে গেল কীভাবে? উত্তর খুঁজছে পুলিশ।