কলকাতার কসবার বোসপুকুর এলাকায় গভীর রাতে শুটআউট। গুলিবিদ্ধ ২১ বছরের অভিজিৎ নাইয়া হাসপাতালে ভর্তি। পরিত্যক্ত জায়গায় যুবকদের বচসা থেকেই গুলি চলার সন্দেহ।

প্রতীকী ছবি
শেষ আপডেট: 27 November 2025 10:36
দ্য ওয়াল ব্যুরো: শহর কলকাতায় যেন দুষ্কৃতীদের তাণ্ডব থামছেই না। বুধবার গভীর রাতে কসবার (Kashba) বোসপুকুর প্রান্তিক পল্লী এলাকায় শুটআউট (Shootout)। কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে চলেছে গুলি। এক বছর আগেও এই ঘটনা ঘটেছিল। আবারও তেমনটাই হল। আচমকা গুলির শব্দে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাত আনুমানিক ১১টা নাগাদ এই গুলির ঘটনা ঘটে। আহত যুবকের নাম অভিজিৎ নাইয়া (২১) বলে জানা গিয়েছে, যাঁর বাঁ হাতের তালুতে গুলি লেগেছে। বর্তমানে রুবি জেনারেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এলাকার একটি পরিত্যক্ত জায়গায় অভিজিৎ সহ কয়েকজন যুবক রাতে জমায়েত করে খাওয়া-দাওয়া করছিলেন। ঘটনাস্থল থেকে গুলির খোল, মদের বোতল, খাবারের প্যাকেট এবং থালা উদ্ধার করেছে পুলিশ। এই জমায়েতের মধ্যেই কোনও কারণে বচসা বা গোলমাল থেকে গুলি চলে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

অভিজিৎকে লক্ষ্য করে কে গুলি চালাল এবং কী কারণে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গুলি চালানোর সময় তাঁর সঙ্গে উপস্থিত থাকা অন্যান্য যুবকদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনা ফের একবার কলকাতা শহরের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল। গত বছর ১৫ নভেম্বর এই এলাকার কাছেই অ্যাক্রোপলিস মলের কাছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা হয়েছিল। এরপর কসবার কাছেই আনন্দপুর এলাকা থেকে বারবার গুন্ডাগিরি এবং আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের তাণ্ডবের খবর প্রকাশ্যে এসেছে। ইএম বাইপাসের এত কাছাকাছি ভরসন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত দুষ্কৃতীদের এই দাপাদাপিতে স্থানীয় মানুষ ভয়ে কাঁটা হয়ে আছেন।