স্কুল সার্ভিস কমিশনের দেওয়া যোগ্যদের তালিকায় নাম ছিল না আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের। কেন নাম নেই, সেই ব্যাখ্যা দিয়ে বৃহস্পতিবার সল্টলেকে এসএসসি দফতরের সামনে দাঁড়িয়ে তিনি জানান, কমিশনের ভুলেই কয়েকজনের নাম বাদ গিয়েছে।

চিন্ময় মণ্ডল
শেষ আপডেট: 29 April 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনের (SSC) দেওয়া যোগ্যদের তালিকায় নাম ছিল না আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের (Chinmoy Mondal)। কেন নাম নেই, সেই ব্যাখ্যা দিয়ে বৃহস্পতিবার সল্টলেকে এসএসসি দফতরের সামনে দাঁড়িয়ে তিনি জানান, কমিশনের ভুলেই কয়েকজনের নাম বাদ গিয়েছে। তবে এই ভুল শুধরে নেওয়ার আশ্বাসও দিয়েছে কমিশন।"
সোমবার চিন্ময় জানিয়েছেন, "কয়েকজনের নাম আসতে শুরু করেছে ইতিমধ্যেই। আমার স্যালারিও সাবমিট হচ্ছে। খবরে প্রকাশিত হয়েছিল যে আমার নাম 'যোগ্য' তালিকায় নেই। আজ যে লিস্ট পাঠানো হয়েছে সেখানে আছে।" যদিও এখনও অবধি বাদ যাওয়া 'যোগ্য'দের কতজনের নাম তালিকায় নতুন করে ঠাঁই পেয়েছে তা জানা যায়নি।
'অযোগ্য নয়' (Non Tainted) এমন শিক্ষকদের নামের তালিকা থেকে নতুন করে ১৮০৩ জনের নাম বাদ দিয়েছে সরকার। সেই নতুন তালিকা গত মঙ্গলবার রাত থেকে জেলায় জেলায় ডিআই দফতরে পৌঁছয়। বুধবার প্রকাশ্যে আসে, সেই তালিকায় চিন্ময়ের নাম নেই।
ওই দিন রাতেই চিন্ময় জানিয়েছিলেন, নতুন তালিকায় কোনও অসঙ্গতি রয়েছে বলে তাঁর ধারণা। বৃহস্পতিবার তা নিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেন তিনি। অভিযোগ, শুধু তাঁর নয়, 'যোগ্য' বলে নিজেদের দাবি করছেন, এমন অনেক শিক্ষকের নামই এসএসসির নতুন তালিকা থেকে বাদ পড়েছে। চেয়ারম্যানের কাছে এর কারণ জানতে চান তাঁরা।
চিন্ময় সোমবার জানিয়েছেন, ইতিমধ্যেই 'ভুল বশত' বাদ যাওয়া নাম তালিকায় ঢোকানো হয়েছে। তাঁর নামও এসেছে। আগে যেহেতু তাঁর নামের পাশে 'নন-জয়েনড' বা চাকরিতে যোগ দেওয়া হয়নি বলে উল্লেখ করা হয়েছিল, তাই তাঁর নাম তালিকায় আসেনি।
কমিশন জানিয়েছিল, চিন্ময়-সহ বাকি শিক্ষকদের কাছ থেকে তথ্য চেয়ে পাঠানো হয়েছে। তা যাচাই করে নতুন তালিকা আবার ডিআইদের পাঠানো হবে। ভবিষ্যতে এই 'ভুল' এড়ানোর জন্য নিয়ম বদলের কথাও ভাবা হয়েছে বলে কমিশন সূত্রে খবর।