
অবরুদ্ধ হাজরা মোড়
শেষ আপডেট: 29 April 2025 00:03
দ্য ওয়াল ব্যুরো: ‘যোগ্যদের’ তালিকায় ঠাঁই না হওয়ায় কালীঘাট অভিযানের (Kalighat Abhijaan) ডাক দিয়েছিলেন শিক্ষক-শিক্ষিকারা। সোমবার এসএসসি (SSC) ভবনের সামনে থেকে বেলা সাড়ে বারোটায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাঁদের কর্মসূচি অনুযায়ী, প্রথমে মিছিল পৌঁছয় হাজরা মোড়ে। এখন সেখানেই তাঁরা অবরুদ্ধ করে রেখেছেন।
কর্মসূচি অনুযায়ী সেখান থেকে তাঁরা কালীঘাটে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির উদ্দেশে যাবেন। কিন্তু মুখ্যমন্ত্রী এখন দিঘায় রয়েছেন। তাছাড়া আজকের জমায়েত বা মিছিলের কোনও অনুমতিই নেওয়া হয়নি বলে পুলিশের তরফে জানা গিয়েছে।
এমন পরিস্থিতিতে কার্যত হাজড়া মোড় অবরুদ্ধ। ভিড় সরাতে ইতিমধ্যেই পুলিশের ধড়পাকড় শুরু হয়েছে। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কয়েকজন চাকরি হারাকে পুলিশ ভ্যানেও তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, ১৭২০৬ জনের মধ্যে নাম থাকলেও নতুন যে তালিকা এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে, সেখানে নাম নেই। বাদ পড়েছে ১৮০৩ জনের। মোট ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন।" কান্নাভেজা গলায় তাঁরা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত হস্পতক্ষেপ করুক বিষয়টায়। না হলে গুলি করে মেরে ফেলা হোক।
উল্লেখ্য, গত শনিবার দুপুর দুটো নাগাদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করার দাবিতে তাঁর বাড়ির সামনে পৌঁছে যান চাকরিহারারা। তবে ব্রাত্যর বাড়ির ১০০ মিটার দূরেই তাঁদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় লেকটাউন থানার পুলিশ। এরপরই তাঁরা সেখানে ধরনায় বসে পড়েন।
পুলিশের তরফ থেকে জানানো হয়, শিক্ষামন্ত্রী বাড়িতে নেই। অন্য কাজে ব্যস্ত রয়েছেন। তাই তিনি দেখা করতে পারবেন না। এরপরই তাঁরা সেখান থেকে অবস্থান প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন। জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁরা কালীঘাটে যাবেন। সেই কথা মতো হঠাৎই এদিন দুপুরেই 'কালীঘাট অভিযানের' ডাক দেওয়া হয়।