এসবিআইয়ের জিএমইউ ও তিনটি প্রসেসিং সেন্টার কলকাতা থেকে সরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ। মুখ্যমন্ত্রীর কাছে হস্তক্ষেপের আবেদন।

শেষ আপডেট: 16 July 2025 16:18
দ্য ওয়াল ব্যুরো: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) কলকাতার বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতর ও ইউনিট অন্যত্র সরানোর সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফেটে পড়েছে ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ (Bank Bachao Desh Bachao Manch বা BBDBM)। এই সিদ্ধান্তে চরম উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সরাসরি চিঠি পাঠিয়ে অবিলম্বে হস্তক্ষেপের দাবি জানিয়েছে।
ওই চিঠিতে জানানো হয়েছে, এসবিআই কলকাতা থেকে Global Market Unit (GMU), Central Global Back Office (CGBO) এবং তিনটি গুরুত্বপূর্ণ Centralised Processing Cells—LCPC (Liability Central Processing), CCPC (Centralised Cheque Clearing) ও CPPC (Centralised Pension Processing)—সরিয়ে নিচ্ছে। এই পদক্ষেপের বিরোধিতা করে সংগঠনটি জানিয়েছে, এর ফলে ৬০০-র বেশি কর্মী ও তাঁদের পরিবার বিপদের মুখে পড়বেন, এবং রাজ্য সরকার প্রতি বছর প্রায় ২৫ কোটি টাকার জিএসটি রাজস্ব হারাবে।
চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে চুক্তি লঙ্ঘনের অভিযোগও। লেখা হয়েছে, ২০০৮ সালের ১৩ মার্চ ত্রিপাক্ষিক চুক্তিতে স্পষ্টভাবে বলা হয়েছিল, জিএমইউ-র মাধ্যমে ফরেন এক্সচেঞ্জ ট্রেজারি অপারেশন কলকাতা থেকেই পরিচালিত হবে। এছাড়াও, ২০১৫ সালে তৎকালীন চেয়ারম্যান অরুন্ধতী ভট্টাচার্যের উদ্যোগে CGBO কলকাতায় চালু করা হয়েছিল, যাতে গুরুত্বপূর্ণ কাজগুলি বিকেন্দ্রীকরণ করে কলকাতাকে ব্যাঙ্কিং হাব হিসেবে গড়ে তোলা যায়।
তারা দাবি করেছে, কোনও আলোচনা ছাড়াই একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দফতর সরানোর, যা চুক্তিভঙ্গ এবং প্রশাসনিক স্বচ্ছতার পরিপন্থী। এই বিভাগের কর্মীদের মধ্যে ১৫০ জন স্থায়ী এবং ২০০ জনের বেশি চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন, যাঁদের জীবন-জীবিকা এই সিদ্ধান্তে বিপর্যস্ত হবে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে ইতিহাস ও পূর্ববর্তী পদক্ষেপও। এর আগেও ১৯৯৯ সালে Dealing Room কলকাতা থেকে মুম্বইয়ে সরিয়ে নেওয়া হয়। তখন এক বছরব্যাপী আন্দোলনের মুখে ২০০০ সালের ১২ জানুয়ারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ চুক্তি স্বাক্ষর করতে বাধ্য হয়, যেখানে ৫০ শতাংশ ফরেন এক্সচেঞ্জ অপারেশন কলকাতা থেকে পরিচালনার কথা বলা হয়। আজও সেই চুক্তি কার্যকর হয়নি, দাবি BBDBM-এর।
এছাড়াও বিগত বছরগুলিতে Income Tax বিভাগ, Government Accounts Section, Balance Sheet Section ও Central Accounts Office—সব ক’টি ধাপে ধাপে কলকাতা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সংগঠনের বক্তব্য, দেশের অন্য কোনও রাজ্যের সঙ্গে এসবিআই এভাবে আচরণ করেনি, শুধুমাত্র বাংলার সঙ্গেই বারবার বৈষম্য করা হচ্ছে। চলমান ইউনিট বন্ধ হলে পরিষেবায় প্রভাব তিনটি Centralised Processing Unit—LCPC, CCPC ও CPPC বর্তমানে দক্ষতার সঙ্গে পেনশন প্রদান, চেক ক্লিয়ারিং এবং অ্যাকাউন্ট খোলার মতো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করছে।
এসব ইউনিট সরিয়ে দিলে শুধু কর্মী নয়, পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান-নিকোবারের হাজার হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হবেন, পরিষেবা বিঘ্নিত হবে। রাজ্য সরকারকে স্পষ্ট দাবিসূচি ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চ মুখ্যমন্ত্রীর কাছে ৫ দফা দাবিতে হস্তক্ষেপ চেয়েছে। ১) জিএমইউ ও CGBO সরানোর সিদ্ধান্ত বাতিল করতে হবে। ২) LCPC, CCPC ও CPPC—তিনটি প্রসেসিং ইউনিট কলকাতায় রাখতেই হবে। ৩) ২০০০ সালের ১২ জানুয়ারির চুক্তি কার্যকর করে ৫০% ফরেন এক্সচেঞ্জ ডিলিং ফিরিয়ে আনতে হবে। ৩) Income Tax, Govt Accounts ও Balance Sheet Section আবার কলকাতায় ফিরিয়ে আনতে হবে। ৫) বাংলার ব্যাংকিং পরিকাঠামো ভাঙার প্রবণতা বন্ধ করতে হবে।
চিঠির একেবারে শেষে সংগঠনটি মনে করিয়ে দিয়েছে, এসবিআইয়ের জন্মভূমিই কলকাতা। ১৮০৬ সালে ব্যাঙ্ক অফ কলকাতা হিসেবেই এই শহরে তার সূচনা হয়েছিল। সেই ইতিহাস মুছে ফেলা যাবে না। বাংলার অর্থনৈতিক স্বার্থ ও কর্মসংস্থান রক্ষায় মুখ্যমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপই এখন শেষ ভরসা।