নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, হাট বসার দিনগুলিতে হাট চত্বরে মিছিল বা জমায়েত করা যাবে না।

ভাস্কর ঘোষ
শেষ আপডেট: 26 July 2025 17:22
দ্য ওয়াল ব্যুরো: সোমবার ২৮ জুলাই মঙ্গলাহাটের দিন। আর ওই দিনই নবান্ন অভিযান (Nabanna Abhijan) করবে সংগ্রামী যৌথ মঞ্চ (Sangrami Joutho Mancha) সহ একাধিক সংগঠন। তাই ব্যবসায়ে ক্ষতির আশঙ্কায় অভিযান বন্ধ করতে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। তবে আদালত শর্তসাপেক্ষে নবান্ন অভিযানের অনুমতি দিয়েছে। এই রায়কে স্বাগত জানিয়ে পুলিশ-প্রশাসনকে বিঁধেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ (Bhaskar Ghosh)। অভিযোগ, হাইকোর্টে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে।
নবান্ন অভিযান নিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, হাট বসার দিনগুলিতে হাট চত্বরে মিছিল বা জমায়েত করা যাবে না। কেউ তা অমান্য করলে পুলিশ ব্যবস্থা নেবে। এই নির্দেশের প্রেক্ষিতে সংগ্রামী যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ বলেন, ''আমাদের যে রুট ছিল সেখানে কোনও ব্যবসায়ী বসেন না। তাই আদালতের নির্দেশ অমান্য করার প্রশ্ন নেই।''
ভাস্কর স্পষ্ট বলেন, কলকাতা হাইকোর্ট নবান্ন অভিযানে কোনও বাধা দেয়নি। বরং এই মামলা করে ভাল হয়েছে, পুলিশের দায়িত্ব বেড়েছে। তাঁর এও বক্তব্য, কলকাতায় এতদিনে এত মিছিল হয়েছে, কারও কোনও অসুবিধা হয়নি। এবারও হওয়ার কোনও সম্ভাবনা নেই। রুট বদল হলেও তাঁদের জমায়েতের এবং অবস্থানের জায়গা যে এক থাকবে, তা স্পষ্ট করেন তিনি।
এর পাশাপাশি পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করার হুঁশিয়ারি দিয়েছেন ভাস্কর। বলেছেন, যে ভাবে নবান্ন অভিযান নিয়ে মিথ্যে তথ্য পরিবেশন করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর পুলিশ এও প্রচার করছে যে, তাঁদের নাকি অভিযানের অনুমতিও দেওয়া হয়নি। তাহলে পুলিশের তরফে কেন বারবার বৈঠকে বসার আবেদন করা হচ্ছে, এই প্রশ্ন তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চ।
প্রসঙ্গত, গত ৮ এবং ১৪ জুলাই, দুই হাটের দিনেই রাজনৈতিক দলের বাইরে থাকা কিছু সংগঠনের নবান্ন অভিযান ছিল। অভিযোগ, তার জেরে দোকান বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। পুজোর আগে এই ক্ষতি আর্থিকভাবে বড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এই পরিস্থিতিতে শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, হাট বসার দিন মিছিল বা জমায়েত নিষিদ্ধ।
তবে সোমবারের নবান্ন অভিযানের সিদ্ধান্তে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ।