বৃহস্পতিবার মঞ্চের তরফে জানানো হয়েছে, বর্তমানে সুমনের সঙ্গে তাদের কোনও সংযোগ নেই।

সুমন বিশ্বাস ও ভাস্কর ঘোষ
শেষ আপডেট: 11 December 2025 18:14
দ্য ওয়াল ব্যুরো: অন্যতম পরিচিত মুখ সুমন বিশ্বাসকে (Suman Biswas) নিজেদের সঙ্গে রাখতে চাইছে না সংগ্রামী যৌথমঞ্চের (Sangrami Joutha Mancha)। বৃহস্পতিবার মঞ্চের তরফে জানানো হয়েছে, বর্তমানে সুমনের সঙ্গে তাদের কোনও সংযোগ নেই। ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে যৌথমঞ্চের মধ্যে থাকা অনেকের ব্যক্তিগত সুসম্পর্ক থাকলেও সুমনের কাজকর্মকে সংগ্রামী মঞ্চের পদক্ষেপ হিসেবে না দেখার অনুরোধও করা হয়েছে। বলা হয়েছে, সংগ্রামী যৌথমঞ্চ সুমনের কোনওরূপ ক্রিয়াকর্ম বা বক্তব্যের কোনও রকম দায়ভার নেবে না।
sangrami joudha mancha
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমরা একসঙ্গে লড়াই করেছি। অন্যতম মুখ ছিলেন সুমন। কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে। যে কারণে মঞ্চের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আমাদের সম্পর্ক ঠিকই আছে। কিছু ক্ষেত্রে মনে হয়েছে, তিনি নিজেকে মুখ করে আলাদা পরিচয় তৈরি করতে চাইছেন।"
যদিও সুমন বিশ্বাসের দাবি তিনি এখনও কোনও চিঠি পাননি, যে তাঁকে রাখা হচ্ছে না। বলেন, "বরাবর আমি প্রথম সারিতে ছিলাম আন্দোলনে। সাংবাদিকরাও আমার থেকেই কথা শুনতে চেয়েছেন। যে কারণে স্বাভাবিকভাবেই একটা পরিচয় তৈরি হয়েছে। আর তাতেই সম্ভবত ঈর্ষা হয়েছে মঞ্চের বাকিদের। যদিও আমি কোনও ভাবে বিচলিত নই।"
সুমনের কথায়, "ভাস্কর ঘোষদের রাস্তায় সেভাবে দেখা যায়নি। আমরা ছিলাম। এখন কথা হচ্ছে, কেন আমাকে নিয়ে এত আপত্তি। আমার মনে হয় সম্প্রতি ভাস্কর-সহ যাঁরা আছেন তাঁদের দেখাই যায়নি। এসবের উপরেও আমার এখনও একটাই কথা, কোনও যোগ্য যেন বঞ্চিত না হন। যাঁরা যোগ্যদেরও দাগি বলে আসছে এতদিন ধরে তাঁদের সঙ্গে এঁদেরই ঘনিষ্ঠতা আছে। কাজেই মতপার্থক্য তো হবেই।"
সম্প্রতি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতাপাঠের ব্যবস্থা হয়েছিল। লোকজন বলাবলি করছে, বকলমে সেই অনুষ্ঠান ছিল বিজেপির। তাৎপর্যপূর্ণ ব্যাপার সুমন বিশ্বাসও সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। যে কারণে, সুমন মনে করছেন, তাঁকে মঞ্চের থেকে সরিয়ে দেওয়ার কারণ এও হতে পারে।
প্রথম থেকেই যোগ্যদের দ্বিতীয় বার এসএসসি-র পরীক্ষায় বসে নিজেদের প্রমাণ করার ঘোর বিরোধী ছিলেন সুমন বিশ্বাস। একই সঙ্গে পরীক্ষায় বসতে হলেও দাগিদের সঙ্গে কোনও ভাবেই নয় বলে দাবি করে আসছিলেন হুগলির কানাগর আশ্রম মাঠের চাকরিহারা 'যোগ্য' শিক্ষক।
রাজ্য সরকার ও এসএসসি-র (SSC West Bengal) বিরুদ্ধে আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো দ্বিতীয় বার নিজেকে প্রমাণ করতে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেন সুমন। পরীক্ষা শেষে জানান, এসএসসি-র বিরুদ্ধে আন্দোলন চলবে। তবে এখন তাঁর সঙ্গে সংগ্রামী যৌথমঞ্চ সম্পর্ক ছিন্ন করেছে।