রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যোগ্য শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আলোচনার জন্য লিখিত আবেদন জানালেন আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস।

শেষ আপডেট: 28 November 2025 00:10
দ্য ওয়াল ব্যুরো: ২০১৬ প্যানেলের (SSC 2016 panel) আন্দোলনকারী শিক্ষকদের বক্তব্য ছিল, নতুনদের সঙ্গে পুরনোদের বসানোর যুক্তি নেই। সুপ্রিম কোর্টের (Supreme Court) গতকালের নির্দেশের পর আজই, ২৭ নভেম্বর, এসএসসি মামলায় দাগিদের (SSC Tainted teachers) সম্পূর্ণ তালিকায় প্রকাশ করেছে রাজ্য স্কুল সার্ভিস কমিশন (WBSSC)। কিন্তু জটিলতা এখনও অব্যাহত। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Cm Mamata Banerjee) কাছে যোগ্য শিক্ষকদের প্রতিনিধি হিসেবে আলোচনার জন্য লিখিত আবেদন জানালেন আন্দোলনকারী শিক্ষক সুমন বিশ্বাস (Suman Biswas)।
তিনি লিখেছেন, 'শিক্ষক নিয়োগ এবং এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য শিক্ষকদের ধারাবাহিকতা-সহ বিদ্যালয়ে পুনর্বহাল বিষয়ে এবং নতুন চাকরিপ্রার্থীদের নিয়োগ পদ্ধতি নিয়ে যে জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে' - সেই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান তাঁরা।
তাঁর দাবি, এসএসসি ২০১৬ প্যানেলের একজন যোগ্য শিক্ষকও যেন বঞ্চিত না হন। যোগ্য শিক্ষাকর্মীদেরও প্রায় আট মাস ধরে বেতন বন্ধ, সেই দিকেও দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন তিনি। এই বিষয়ে সকলে মিলে সহযোগিতার আশ্বাস চেয়েছেন সুমন।
একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউ প্রার্থীদের নথি যাচাইয়ের তালিকাও চলতি মাসেই প্রকাশ করেছে এসএসসি। ২০১৬ প্যানেলের অনেকে যেমন নতুন তালিকা অনুসারে ডাক পেয়েছেন, তেমনই অনেকে পাননি। ডাক আসেনি আন্দোলনের সক্রিয় মুখ চিন্ময় মন্ডল, সুমন বিশ্বাস, মেহেবুব মন্ডলের মতো অনেকেরই।
প্রসঙ্গত, রাজ্যের নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে বড় প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার দেশের সর্বোচ্চ আদালত জানতে চায়, “নতুনদের সঙ্গে পুরনোদের একসঙ্গে পরীক্ষা বসাতে হল কেন, কীসের তাড়া?” আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, পুরনো প্রার্থীদের সমস্যা রাজ্য সরকারকেই সমাধান করতে হবে, নতুনদের ভবিষ্যৎ যেন কোনও ভাবেই বিপন্ন না হয়। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, এসএসসি-সংক্রান্ত সব মামলার শুনানি চলবে কলকাতা হাইকোর্টেই।
আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানি হাইকোর্টে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পরে এখন সেখানেই তাকিয়ে আন্দোলনকারীরা, চাকরিপ্রার্থীরা, আর রাজনৈতিক মহল।