‘নবান্ন অভিযান’-এর পাশাপাশি ফের একবার ১৪ অগাস্ট ‘রাত দখল’-এর আওয়াজ তোলা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আরজি করের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচির সমর্থন করেছেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 July 2025 15:47
দ্য ওয়াল ব্যুরো: কসবা-কাণ্ডের (Kasba Law College Incident) নির্যাতিতার পরিবারকে রাস্তায় নামার ডাক দিলেন আরজি কর কাণ্ডের নির্যাতিতার বাবা-মা (RG Kar Case Victim Family)। আগামী ৯ অগাস্ট সেই ঘটনার এক বছর। ওইদিনই দল-মত নির্বিশেষে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছে তাঁরা। কসবা কলেজের নির্যাতিতার বাবা-মাও যাতে পথে নামেন, সেই বার্তাও দেওয়া হয়েছে তাঁদের তরফে।
‘নবান্ন অভিযান’-এর পাশাপাশি ফের একবার ১৪ অগাস্ট ‘রাত দখল’-এর আওয়াজ তোলা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আরজি করের নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচির সমর্থন করেছেন। এই পরিস্থিতিতে আরজি করের নির্যাতিতার বাবা-মা চান, কসবার ঘটনা নিয়েও বড় আন্দোলন হোক। ওই তরুণীর বাবা-মাও পথে নামুন, প্রতিবাদ করুন।
‘তদন্তই হয়নি, বিচার কীভাবে হবে?’
আরজি কর কাণ্ডের নির্যাতিতার মার কথায়, “আমার মেয়ে দুর্ঘটনায় মারা যায়নি, ওকে খুন করা হয়েছিল। ধর্ষণের পরে খুন — এটা একটা সরকারি হাসপাতালের ভিতরেই হয়েছিল। কিন্তু আজও কোনও তদন্ত হয়নি। একজন সিভিক ভলান্টিয়ার ধরা পড়ল, তারপর কিছুই হল না। ভেতরের লোকের মদত ছাড়া বাইরের কেউ এটা করতে পারে না।”
নির্যাতিতার পরিবারের আরও বক্তব্য, সেই ঘটনার মতো অতীতে কিছু হয়নি। সরকারি হাসপাতালে অন-ডিউটিতে এক চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে। আদতে সেটি একটি সুরক্ষিত জায়গা। কিন্তু আসলে কারা এই ঘটনার পিছনে তা এখনও জানা গেল না। বাবা-মা মনে করছেন, এখনও তদন্ত শুরুই হয়নি। শুধু গাফিলতি হয়ে চলেছে।
‘থ্রেট কালচারের বলি মেয়েরা’
কসবা-কাণ্ডের প্রসঙ্গ টেনে নির্যাতিতার মা বলেন, “কলেজে কলেজে থ্রেট কালচার ভয়ানক জায়গায় পৌঁছেছে। মনোজিৎ মিশ্র বা সন্দীপ ঘোষের মতো লোকেদের মাথায় রাজনীতির হাত আছে বলেই এরা বেপরোয়া।” তিনি এও দাবি করেন, 'দু'টি কিছুতেই এক ঘটনা নয়, দু'টি আলাদা ঘটনা। কিন্তু থ্রেট কালচারের জায়গাটা মিলে গেছে।
‘আরজি করে বিচার হলে আজ এত ধর্ষণ হত না’
শুধু নির্যাতিতার পরিবার নয়, এখনও বহু মানুষ মনে করেন আরজি করে বিচার হয়নি। সেই ইস্যুতে নির্যাতিতার পরিবারের বক্তব্য, “এই মামলায় যদি কঠোর বিচার হত, তাহলে আজ এত ধর্ষক তৈরি হত না। সবাই ভয় পেত। কিন্তু তেমন কিছু হল না। তাই সাহস বেড়েছে।” কসবার নির্যাতিতার মার উদ্দেশে আরজি করের নির্যাতিতার মায়ের পরামর্শ, “চুপ করে থাকবেন না। আড়ালে থাকলে হবে না। রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। আমরা পিছিয়ে থাকলে অপরাধীরা জিতবে।”