স্কুল থেকে বাড়ি ফিরে পড়ুয়া তার বাবা-মাকে ঘটনার বিষয়ে জানায়। তারপর বাচ্চাটির মা থানায় অভিযোগ দায়ের করেন।

ছবি - গুগল
শেষ আপডেট: 5 July 2025 15:54
দ্য ওয়াল ব্যুরো: ঠানের বদলাপুরে নাবালিকাকে যৌন নির্যাতনের পর এবার অভিযোগের তালিকায় কান্দিভলি। ১১ বছরের এক ছাত্রকে যৌন নির্যাতনের স্বীকার হতে হল, তাও তার নিজেরই স্কুলের টয়লেটে। ঘটনায় অভিযুক্ত স্কুলের ওই সাফাইকর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
মহারাষ্ট্রের ইস্ট কান্দিভলি এলাকার এক স্কুলের পড়ুয়া ওই নির্যাতিত ছাত্র। গত বৃহস্পতিবার, সকালে সাড়ে ১১টা নাগাদ, স্কুলের তিন তলায় এক টয়লেটে যায় সে। সেই সময় স্কুলের সাফাইকর্মী, নাম বিনায়ক খোপকার ওই পড়ুয়ার ভিডিও তোলে ফোনের ক্যামেরায়। সেটা বাচ্চাটি দেখতে পেয়ে যাওয়ায় বিনায়ক তাকে ভয় দেখিয়ে হুমকি দেয়। কাউকে বলতে বারণ করে এবং কিছু অকথ্য ভাষায় খারাপ ব্যবহার করে তার সঙ্গে।
স্কুল থেকে বাড়ি ফিরে পড়ুয়া তার বাবা এবং মা-কে পুরো ঘটনার বিষয়ে জানায়। তা জানার পর বাচ্চাটির মা সমতা নগর থানায় অভিযোগ দায়ের করেন।
ভারতে নাবালক নির্যাতনের অভিযোগে পকসো আইনের আওতায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা করা হয়। এই ধরনের ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হয়।
৩০ বছর বয়সি ওই সাফাইকর্মী বিনায়ক খোপকারের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৩৫১ (৩) এবং প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট বা পকসো ধারা ১০ অনুযায়ী মামলা দায়ের হয়।
অভিযোগ দায়েরের পর পুলিশ জানিয়েছে, ঘটনার পর খুব দ্রুত পদক্ষেপ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কোনও ভাবেই যাতে সে ছাড় না পায়, তা নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে।