এদিন নবান্ন অভিযান শুরুর পরই পার্কস্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়ই অভিযোগ ওঠে, পুলিশ লাঠিচার্জ (lathicharge) করার সময় নির্যাতিতার বাবা-মাকেও মারধর করে।
.jpg.webp)
কেমন আছেন নির্যাতিতার মা
শেষ আপডেট: 10 August 2025 00:12
দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে 'আক্রান্ত' হয়ে হাসপাতালে ভর্তি আরজি করের নিহত তরুণী চিকিৎসকের মা (RG Kar victim's mother health update)। অভিযোগ, পুলিশের লাঠিচার্জে মাথায় আঘাত পেয়েছেন তিনি। তাই মাঝপথেই কর্মসূচি ছেড়ে হাসপাতালে যেতে হয়। তারপর কেটে গিয়েছে কয়েক ঘণ্টা। এখন কেমন আছেন তিনি।
হাসপাতাল সূত্রে খবর, নির্যাতিতার মায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে আজকের রাতে তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হবে। আগামিকাল তাঁকে কল্যাণী এইমসে স্থানান্তরিত করা হবে বলেও জানা গেছে।
এদিন নবান্ন অভিযান শুরুর পরই পার্কস্ট্রিটে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময়ই অভিযোগ ওঠে, পুলিশ লাঠিচার্জ (lathicharge) করার সময় নির্যাতিতার বাবা-মাকেও মারধর করে। পরে আরজি করের নিহত চিকিৎসকের বাবা-মা নিজেরা জানান, মারের কথা। নির্যাতিতার মা অভিযোগ করেন, ''আমার হাতের শাঁখা ভেঙে দেওয়া হয়েছে। মাথায় মেরে ফুলিয়ে দেওয়া হয়েছে।'' পরবর্তী সময়ে রেসকোর্সে চত্বরে ব্যারিকেডের সামনে অবস্থানে বসেন তাঁরা। তবে নির্যাতিতার মা অসুস্থ হয়ে পড়ায় সেই অবস্থান উঠে যায়।
সূত্রের খবর, অবস্থানে থাকাকালীনই অসুস্থ বোধ করছিলেন নির্যাতিতার মা। আন্দোলনকারীরাই তাঁকে জল দেন। অভিযোগ, পুলিশের কাছে জল চাওয়া হলেও দেওয়া হয়নি। ফলে নির্যাতিতার মায়ের অসুস্থতা না কমায়, তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে তাঁকে দেখতে আসেন বিজেপি নেতা সজল ঘোষ। বেসরকারি হাসপাতালটিকে কাঠগড়ায় তোলেন। তাঁর অভিযোগ, 'ওই হাসপাতাল রাজ্য সরকারের চাপের মুখে মাথা নত করেছে। এখানে রাখলে রোগীকে খারাপ করে দেবে কিনা সেই সন্দেহ রয়েছে।'
অন্যদিকে, 'কালীঘাট চলো' কর্মসূচি সেরে নির্যাতিতার মায়ের সঙ্গে দেখা করতে যান জুনিয়র চিকিৎসকেরা। তাঁরা জানিয়েছেন, নির্যাতিতার বাবার শরীরে আঘাত আছে তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আর মা'কে চিকিৎসকদের নজরদারিতে রাখা হবে।