
সুবিচার চেয়ে রাজপথে জনতার ঢল!
শেষ আপডেট: 1 October 2024 19:26
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই মহালয়া। মাতৃপক্ষের সূচনা। এমন আবহে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনে মঙ্গলবার বিকেলে ফের জাতীয় পতাকা হাতে কলকাতা শহরের পথে নামল জনতা। আরজি করের নির্যাতিতার বিচারের দাবিতে স্লোগান উঠল, 'জনগণের গর্জন, ধর্ষকদের বিসর্জন।'
তাৎপর্যপূর্ণভাবে প্রতিবাদীদের এই মিছিলে শামিল হয়েছিলেন সদ্য তৃণমূলের সাংসদ পদ ছাড়া জহর সরকারও। ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী ছাড়াও আরও অনেকে। বস্তুত, আরজি কর কাণ্ডের প্রতিবাদেই সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন জহর।
আদালতের নির্দেশ উড়িয়ে নিরাপত্তার দাবিতে ফের কর্মবিরতিতে নেমেছেন রাজ্যের জুনিয়র চিকিৎসকরা। পুজোর মরসুম, তার ওপর রাজ্যের একাধিক জেলায় বন্যা। ফলে ফের কর্মবিরতি সাধারণ মানুষ কীভাবে নেবেন, তা নিয়ে আন্দোলনরত চিকিৎসকদের একাংশের মধ্যেও সংশয় ছিল। তবে বাস্তবে দেখা গেল, বিচারের দাবিতে কার্যত বিকেলের রাস্তা দখল করে ফেলল জনতা।
এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা হয়ে রবীন্দ্রসদন পর্যন্ত রাস্তা দখলের ডাক দিয়েছিল ৫৯টি সংগঠন। ডাক্তারদের একাধিক সংগঠন থেকে শুরু করে ইস্টবেঙ্গল-মোহনবাগান-মহামেডান সমর্থক, রিকশাচালক, যৌনকর্মী, যাদবপুর-প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীরাও মিছিলে পায়ে পায়ে পা মেলান।
তাঁদের সকলের বক্তব্য একটাই, আরজি করের পুনরাবৃত্তি আর যেন না হয়। তাই নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে।