দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ডও তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তাতে লেখা ছিল — 'মেরুদণ্ড দেখান, না হয় পদত্যাগ করুন।'

ফাইল ছবি
শেষ আপডেট: 8 August 2025 12:29
দ্য ওয়াল ব্যুরো: দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের (CBI) সঙ্গে দেখা করেও কোনও লাভ হল না। আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূমিকায় আরও হতাশা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা-মা (Victim Parents)। বৃহস্পতিবার রাতে ফিরে কলকাতা বিমানবন্দরে তাঁদের কণ্ঠে শোনা গেল ক্ষোভের সুর। সিবিআই-কে নিশানা করে তাঁরা বলেন - “সিবিআই-এর ডিরেক্টর নিজে বলছেন এই মামলা ছেড়ে দেবেন। ওরা বোগাস।"
নির্যাতিতার বাবা সংবাদমাধ্যমে জানান, “সিবিআইয়ের (CBI) কাছে একটাও প্রশ্নের উত্তর নেই। কে ধর্ষণ করল, কোথায় করল, কেন করল - কোনও তথ্য দিতে পারেননি ডিরেক্টর। আদালতের নির্দেশে তদন্ত করছে যে সংস্থা, তার এমন অবস্থান মেনে নেওয়া যায় না।” তিনি এও জানান, সিবিআই ডিরেক্টর নিজে বলেছেন মামলা ছেড়ে দেবেন। তাঁরা জানিয়েছেন, এই কথাটি আদালতে গিয়ে বলতে।
এই প্রসঙ্গে, নির্যাতিতার বাবার কটাক্ষ - “১৪০ কোটির দেশের মানুষ যাঁদের উপর ভরসা করেন, সেই সংস্থা যে কতটা ‘বোগাস’, তা নিজের চোখে দেখলাম।”
দিল্লি গিয়ে সিবিআই ডিরেক্টরের হাতে একটি প্ল্যাকার্ডও তুলে দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তাতে লেখা ছিল — 'মেরুদণ্ড দেখান, না হয় পদত্যাগ করুন।' সেই প্ল্যাকার্ডের প্রতিক্রিয়ায় সিবিআই ডিরেক্টর বলেন, “আমাদের মেরুদণ্ড আছে।” এর উত্তরে নির্যাতিতার মা সাফ জানিয়ে দেন, “না, আপনাদের মেরুদণ্ড নেই। থাকলে এমন অজুহাত দেখাতেন না।”
শুধু সিবিআই ডিরেক্টর নন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও দেখা করার কথা ছিল নির্যাতিতার বাবা-মার। কিন্তু সময়ের অভাবে তা হয়নি। নির্যাতিতার বাবা বলেন, “ওরা সোমবার পর্যন্ত থাকতে বলছিল। কিন্তু শনিবার আমাদের নবান্ন অভিযান আছে। তাই সোমবার পর্যন্ত থাকা সম্ভব হয়নি। অমিত শাহ পরে সময় দিলে অবশ্যই আবার যাব।”
এদিকে, নির্যাতিতার মা জানান, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা তাঁকে ‘নারীশক্তি অ্যাওয়ার্ড’ দিয়েছিলেন। কিন্তু তিনি তা গ্রহণ করেননি। বলেন, “মেয়ের ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত কোনও কিছু নেব না।”