অভিযানের আগেই পুলিশি নোটিস গেল তাঁদের কাছে। এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। নোটিস খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ তাঁরা।

ফাইল ছবি
শেষ আপডেট: 7 August 2025 13:26
দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ অগস্ট নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন আরজি কাণ্ডের (RG Kar Case) নির্যাতিতার বাবা-মা। তবে সেই অভিযানের আগেই পুলিশি নোটিস গেল তাঁদের কাছে। এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। নোটিস খারিজের দাবিতে আদালতের দ্বারস্থ তাঁরা।
আগামী ৯ অগস্ট আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর। সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে ৮-৯ তারিখ নানা কর্মসূচি নিয়েছে প্রতিবাদী জুনিয়র ডাক্তার সহ আন্দোলনকারীরা। ৯ তারিখ নবান্ন অভিযান (Nabanna Abhijan)। তবে আগেই অভিযোগ তোলা হয়েছে, এই অভিযান আটকাতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। ইতিমধ্যে এও অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারী একাধিকজনকে পুলিশ নোটিস পাঠিয়েছে। এবার নির্যাতিতার বাবা-মাকেও পুলিশি নোটিস পাঠানোর অভিযোগে কলকাতা হাইকোর্টে গেলেন তাঁরা।
জানা গেছে, নির্যাতিতার মা-বাবাকে পুলিশ বুধবার ৩৫(৩) নোটিস দিয়েছে। সেটি খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ তাঁরা। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে মামলার শুনানির সম্ভাবনা।
বুধবারই দিল্লি গেছেন নির্যাতিতার বাবা-মা। তবে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে নির্যাতিতার বাবা বলেন, ''প্রথম দিন থেকে অন্যায় করে চলেছেন মু্খ্যমন্ত্রী। প্রথম দিন থেকে চেষ্টা করছেন যাতে আমরা বিচার না পাই। এমন এক মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামানোর জন্য নবান্ন অভিযান করা হবে।'' এখানেই না থেমে আরও বিস্ফোরক অভিযোগ করেন তিনি। দাবি, ভয় দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, ভোট কিনে ক্ষমতায় থাকা ছাড়া মুখ্যমন্ত্রী আর কিছু ভাবেন না।