মেট্রো রেলের স্মার্ট কার্ড সংক্রান্ত নতুন সিদ্ধান্ত কার্যকর হতেই যাত্রীদের সাড়া মিলল অভাবনীয়। প্রাথমিক তথ্য বলছে এমনই।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 September 2025 12:56
দ্য ওয়াল ব্যুরো: পুজোর (DurgaPuja2025) মুখেই কলকাতার মেট্রো (Kolkata Metro) যাত্রীদের জন্য সুখবর দিয়েছিল কর্তৃপক্ষ। স্মার্ট কার্ডের (Smart Card) দাম কমানোর সঙ্গে বাড়ানো হয়েছে একাধিক সুবিধাও। মেট্রো রেলের স্মার্ট কার্ড সংক্রান্ত নতুন সিদ্ধান্ত কার্যকর হতেই যাত্রীদের সাড়া মিলল অভাবনীয়। প্রাথমিক তথ্য বলছে এমনই।
গত ২৫ সেপ্টেম্বর প্রথম দিনেই বিক্রি হয়েছে ৪ হাজার ৪০৯টি স্মার্ট কার্ড। যা তার আগের দিনের (২৪ সেপ্টেম্বর) ২ হাজার ৮১৩ কার্ডের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি।
শুধু নতুন কার্ড বিক্রিই নয়, একই দিনে অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ৪৪ হাজার ৮১০টি কার্ড রিচার্জ বা তার মেয়াদ বাড়ানো হয়েছে।
ইতিমধ্যেই চলতি মাসে বিক্রি হয়েছে ৫০ হাজারেরও বেশি স্মার্ট কার্ড। মেট্রোর আশা, নতুন নিয়ম চালু হলে আরও বেশি যাত্রী স্মার্ট কার্ড নিতে আগ্রহী হবেন।
নতুন নীতি অনুযায়ী বড়সড় পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ —
সিকিউরিটি ডিপোজিট: ৮০ টাকা থেকে নামিয়ে ৫০ টাকা।
সর্বনিম্ন ইস্যু মূল্য: ১৫০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা (এর মধ্যে সিকিউরিটি ডিপোজিট ৫০ টাকা, ভ্রমণ খরচ ৫২ টাকা ও বোনাস সহ)।
বৈধতার মেয়াদ: এক বছরের বদলে বাড়িয়ে সর্বোচ্চ ১০ বছর।
রিচার্জ সম্প্রসারণ: পুরনো বৈধ কার্ডের মেয়াদও ১০ বছর পর্যন্ত বাড়ানো যাবে।
নতুন এই নিয়মে বুকিং কাউন্টারের ওপর নির্ভরতা অনেকটাই কমবে বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা চাইলে ‘আমার মেট্রো কলকাতা’ অ্যাপ ব্যবহার করে টিকিট কাটতে পারবেন এবং ৫% ছাড়ও পাওয়া যাবে। নিয়মিত যাত্রীরা দীর্ঘমেয়াদে কার্ড ব্যবহার করতে পারবেন, আর স্বল্পমেয়াদি ভ্রমণকারীরা মেট্রো যাত্রা শেষে কার্ড ফেরত দিয়ে সিকিউরিটি ডিপোজিট ফেরত নিতে পারবেন।
এও জানানো হয়েছে, যাত্রীরা স্মার্ট কার্ড পাবেন ASCRM মেশিন ও বুকিং কাউন্টার, দুটো জায়গা থেকেই। রিচার্জও করা যাবে ASCRM মেশিন, অনলাইন এবং বুকিং অফিসে।